সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানযাত্রীদের জন্য রইল বড় খবর। দেশের সবথেকে বড় বিমান সংস্থা ইন্ডিগো এবার তাদের ফ্লাইটগুলিতে নতুন করে ফুয়েল সারচার্জ বা অতিরিক্ত জ্বালানি চার্জ যুক্ত করল (Indigo Fuel Charges)। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতির (Middle East War) কারণে জেট ফুয়েলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, এই নতুন চার্জ ১৪ মার্চ রাত ১২:০১ মিনিট থেকেই কার্যকর হয়েছে। আর এই সময়ের পর থেকে টিকিট বুকিং করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ গুনতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিগো।
কেন বাড়ানো হচ্ছে বিমানের ভাড়া?
বিমান সংস্থার স্পষ্ট দাবি, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা চলছে তাতে বিমানের জ্বালানি বা এভিয়েশন ফুয়েলের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। আর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের জেট ফুয়েলের দাম প্রায় ৮৫ শতাংশের বেশি ঊর্ধ্বগতিতে ঠেকেছে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের একটি বিরাট অংশই জ্বালানি খরচে ব্যবহৃত হয়। এর ফলে হঠাৎ মূল্যবৃদ্ধি তাদের আর্থিক চাপ অনেকটাই বাড়িয়েছে বলে দাবি সংস্থার।
নতুন নিয়ম অনুযায়ী, এবার প্রতিটি সেক্টরে নির্দিষ্ট পরিমাণ ফুয়েল চার্জ যুক্ত করা হবে। সংস্থার তরফ থেকে যেমনটা জানানো হয়েছে—
- ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে অতিরিক্ত ৪২৫ টাকা গুনতে হবে।
- ভারতীয় উপমহাদেশের ভ্রমণের জন্য অতিরিক্ত ৪২৫ টাকা গুনতে হবে।
- মধ্যপ্রাচ্যের রুটে অতিরিক্ত ৯০০ টাকা দিতে হবে।
- দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চিনগামী ফ্লাইটগুলোতে ১৮০০ টাকা অতিরিক্ত দিতে হবে।
- আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলোতে যেতে হলে অতিরিক্ত ১৮০০ টাকা দিতে হবে।
- ইউরোপ রুটের ফ্লাইটগুলোতে অতিরিক্ত ২৩০০ টাকা ফুয়েল চার্জ হিসেবে দিতে হবে।
আরও পড়ুন: KKR-এ হর্ষিত রানার বদলি হচ্ছেন MI-র এই বোলার! চেনেন নাকি?
এমনকি ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির সম্পূর্ণ প্রভাব যদি ভাড়ার উপর চাপানো হয়, তাহলে টিকিটের দাম আরও অনেকটাই বেশি হতে পারত। তাই আপাতত তুলনামূলকভাবে কম একটি ফুয়েল চার্জ যুক্ত করা হয়েছে যাতে যাত্রীদের উপর চাপ কমে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলা ইরান, ইজরায়েল এবং আমেরিকাকে ঘিরে উত্তেজনা আর বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সংকটের কারণেই এই বড় সিদ্ধান্ত বিমান সংস্থার।