টাকা না মেটানোয় স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া হল না ভারতীয় ফুটবল দলের কোচ, প্লেয়ারদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লজ্জায় ভারতীয় ফুটবল (Indian Football Team)! লজ্জা বাড়ল ফুটবল ভক্তদেরও! স্টেডিয়ামে টাকা না মেটানোর কারণে ঢুকতেই দেওয়া হলো না ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল থেকে শুরু করে ফুটবলার সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানদের। ঘটনাটি কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এখানেই হংকং ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করার কথা ছিল ভারতীয় কোচের। তবে স্টেডিয়ামের সিকিউরিটি ডিপোজিট না দেওয়ার কারণে সেখানে ঢুকতে পারলেন না ফুটবলার থেকে শুরু করে কোচ কেউই।

লজ্জায় ভারতীয় ফুটবল দল!

আগামী 31 মার্চ এএফসি কাপের গ্রুপ পর্বে হংকং এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতীয় দলের। এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও ভারতীয় সমর্থকদের কাছে দলের ম্যাচ আবেগের জায়গা। তাছাড়াও জাতীয় দলের ম্যাচ থাকায় এর সাথে মান-সম্মান জড়িয়ে রয়েছে দেশের। নিয়ম অনুযায়ী ওই ম্যাচের জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটিকে সিকিউরিটি ডিপোজিট দেবে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে সেই অর্থ না পাওয়ায় গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ সহ প্লেয়ারদের স্টেডিয়ামে ঢুকতে দেয়নি। যেই ঘটনা সত্যিই লজ্জার।

জানা গিয়েছে, গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের বকেয়া অর্থ নিয়ে ঝামেলা চলছে। মূলত সে কারণেই স্টেডিয়ামের সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়নি বলেই মনে করছেন অনেকে। যদিও এই ঘটনার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেরালা ফুটবল সংস্থার উপর আস্থা আছে ফেডারেশনের। আশা আছে সুষ্ঠুভাবে ভারত এবং হংকং এর ম্যাচ আয়োজন করা যাবে।

অবশ্যই পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির সূচি ঘোষণা BCCI-র, ম্যাচ পেল না কলকাতা

উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে ওঠার কোনও সুযোগ নেই ভারতের। সাম্প্রতিক ম্যাচগুলিতে ভারতীয় দল এমন ভাবে মুখ থুবড়ে পড়েছে যা ভাষায় প্রকাশের অযোগ্য। খালিদের দলের খারাপ পারফরমেন্স ধীরে ধীরে ডোবাচ্ছে ভারতের মান সম্মান। তার উপর বাড়তি পাওনা হিসেবে বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটছে। যা সামাল দিতে তড়িঘড়ি বিবৃতি দিতে হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে।

Leave a Comment