টিকিট পাবেন না তৃণমূলের এই ৩ হেভিওয়েট বিধায়ক, তালিকায় কারা কারা?

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা দলগুলির। কোন কোন জেলায় কোন কোন প্রার্থী দাঁড় করানো হবে সেই নিয়ে এখন চিন্তা শাসকদল থেকে শুরু করে বিরোধীদের মধ্যে। এদিকে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল করেই চলেছে তৃণমূল কংগ্রেস। অনেকের ধারণা জনসংযোগ বৃদ্ধি করতে নির্বাচনে প্রার্থী তালিকায় দেখা যাবে যুবনেতা এবং নেত্রীদের নাম। যদিও সেই নাম প্রকাশ্যে আসেনি। কিন্তু এই অবস্থায় তৃণমূলের (Trinamool Congress) আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এল। জানা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনের টিকিট পাবে না তৃণমূলের ৩ হেভিওয়েট প্রার্থী।

প্রার্থী তালিকায় থাকবে নবীনের মুখ!

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে তাই নিয়ে সম্প্রতি কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন। এছাড়াও প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও। তবে বাদ যেতে চলেছে তিন হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা।

তালিকা থেকে নাম বাদ পড়বে এই ৩ নেতার

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে একের পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম উঠে এসেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরপরই গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। শুধু তাই নয়, তৃণমূল মহাসচিবের পদ থেকে পার্থকে সরানোর পাশাপাশি দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। যা এখনও বহাল রয়েছে। এরপর জেলমুক্তির পরেও পার্থকে দলে ফেরানোর আগ্রহ দেখা যায়নি তৃণমূলে। তাই সেক্ষেত্রে তাঁকে এবার টিকিট নাও দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও সবচেয়ে বড় কারণ যেহেতু, পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই এখনও তিনি অভিযুক্তদের তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের, কতটা বাড়ল মহার্ঘ ভাতা?

শুধু পার্থ চট্টোপাধ্যায় একা নন, ভোটে না দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে শাসকদলের আরও দুই হেভিওয়েট বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহার। আসলে নিয়োগ দুর্নীতি মামলায় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পরেই তৃণমূলের অন্দরে নানা আভাস পাওয়া গিয়েছিল যে এবার তাঁকেও নির্বাচনে দাঁড় করাবে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই অবস্থা বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক ২০২৪ সালের মে মাসে জামিন পেয়েছিলেন। তবে পরবর্তীতে ইডি তাঁকে আবারও গ্রেফতার করে। গতবছর আদালতে তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে তাই বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এখন দেখার আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় কার কার নাম উঠে আসে।

Leave a Comment