‘টিম ইন্ডিয়া’ হয়ে কাজ করতে হবে, জ্বালানি সংকট এড়াতে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা মোদীর

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাত (Middle East War) দিনের পর দিন বেড়ে চলেছে। আর তার জেরে গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। সেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে এবার দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলির ঐক্যের জন্য বিরাট বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেখানে এই সংকট মোকাবিলার জন্য টিম ইন্ডিয়ার উপর ভরসা রাখতে বলেছেন তিনি।

দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বড়সড় আহ্বান

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বর্তমান পরিস্থিতি শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই চ্যালেঞ্জের বিষয়। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, উত্তেজনার আবহে দেশবাসীকে শান্ত মনে এবং ধৈর্য ধরেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সংকটের সময় ভেদাভেদ ভুলে ভারতের শক্তি বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর মতে, মিলেমিশে যদি একজোট হয়ে লড়াই করা যায় তাহলে ভারতীয়রা সবথেকে বড় স্বস্তি পাবে।

এদিকে গতকাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন যে, কেন্দ্র এবং রাজ্যগুলির যদি একটি দল বা টিম ইন্ডিয়া হয়ে কাজ করে, তাহলে সমস্ত সংকট মোকাবিলা করা যাবে। এমনকি আন্তর্জাতিক সংকটের নেতিবাচক প্রভাব থেকে ভারতকে খুব সহজেই রক্ষা করা যাবে। উক্ত বৈঠকে জ্বালানি তেলের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে রাজ্যগুলোকে তিনি আশ্বস্ত করেছেন বলেই খবর।

আরও পড়ুন: সুদের হার নিয়ে মধ্যবিত্তদের আশাহত করতে পারে আরবিআই!

দেশের রাজনৈতিক দলগুলির প্রতি সতর্কতা

এদিকে দেশের বর্তমান রাজনীতি নিয়ে কোনও রকম বিভ্রান্তি যাতে না ছাড়ানো হয়, তার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এরকম কোনও মন্তব্য করবেন না যা দেশের ভাবাবেগকে থেকে ক্ষতি করতে পারে। ভারত সরকারের একমাত্র নীতি হল যাতে ভারতের মঙ্গল হয় এবং দেশের মানুষ সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা। এদিকে পশ্চিমে এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতসহ একাধিক দেশে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ রয়েছে, আর বিকল্প পথে আমদানির বিষয়ে আলোচনা চলছে। সেই সূত্রেই প্রধানমন্ত্রী মোদী সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment