প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার অবসান! বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল ২০২৫ এর টেলি অ্যাকাডেমি পুরস্কার (Tele Academy Awards 2025)। আর এই বিশেষ অনুষ্ঠানে তারকাদের সন্মান জানাতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের সামাজিক চেতনা বৃদ্ধিতে কীভাবে অগ্রণী ভূমিকা নিতে পারে টেলিভিশন এই প্রসঙ্গে টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ থেকে ধারাবাহিক নির্মাতাদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিরিয়াল নির্মাণে সামাজিক যে দায়বদ্ধতা থাকে সেটার কথাও স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি পুরস্কার
প্রতি বছরই ছোটপর্দার শিল্পীদের পরিশ্রমের যথাযোগ্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। মহা ধুমধাম করে সেই অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, তাই এই বছর সেটার ব্যতিক্রম হয়নি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্মানিত হলেন ছোটপর্দার তারকারা। সেই সঙ্গে সম্মানিত করা হল ক্যামেরার নেপথ্যের কারিগরদের। এবার সেই মঞ্চ থেকে ধারাবাহিক নির্মাতাদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক চেতনা বৃদ্ধি নিয়ে বিশেষ বার্তা মমতার
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার, ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে বিশেষ পরামর্শ দিলেন। তিনি জানালেন, “টেলিভিশন চ্যানেলের সবথেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা, সুশিক্ষা বৃদ্ধি। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস হয়তো ঠিকভাবে পৌঁছচ্ছে না। তাই সেক্ষেত্রে টেলিভিশনের মাধ্যমেই কখনও কখনও সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে।” এছাড়াও তিনি আরও বলেন যে, “আমাদের এই মাটিই কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। নবজাগরণের জন্ম দিয়েছে, আর আমি সেই মাটিটাকে চেনানোর জন্যই বলছি। কারণ এটা একটা পরিবার। আমাদের সেই দিকটা মাথায় রাখতে হবে।”
TRP নিয়ে কী বললেন মমতা?
নতুন শিল্পী কলাকুশলীদের অনুপ্রেরণা জুগিয়ে তাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “অনেক নতুন শিল্পীরা আসছেন, ট্রেনিং নিচ্ছেন। আমি মনে করি, টেলিভিশন হচ্ছে আমাদের হৃদয়ের দর্পণ এবং সমাজশিক্ষা। আমি নিজেও সিরিয়াল দেখি। পরের অংশে কী দেখানো হবে সেটাও বলে দিতে পারি। প্রত্যেকটা সিনে তিন-চারটে চরিত্র তো থাকেই। কেউ ভালো, কেউ নেগেটিভ চরিত্রে। সবই ভালো। টিআরপিও বাড়াতে হবে। গল্পও বানাতে হবে। তাইতো আমাদের টেলিভিশন জগতের শিল্পী, কলাকুশলীরা দিনরাত এক করে কাজ করছে। এদিকে তাঁদের জীবনেও কোনো ছুটি নেই। উৎসবে যাওয়া নেই। এটাই যেন তাঁদের জীবনের উৎসব।”
আরও পড়ুন: কয়লা কাণ্ডে বড় অভিযান ED-র, বাংলা-ঝাড়খণ্ডের ১৬ জায়গায় হানা! নজরে কে?
উল্লেখ্য, এদিন টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রেক্ষাগৃহে চাঁদের হাট বসেছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন কোয়েল মল্লিক, ইমন চক্রবর্তী, তিয়াসা লেপচা, সোহেল দত্ত, সোনামণি সাহা এবং প্রতীক সেন সহ একাধিক তারকা। অনুষ্ঠানের মাঝে এদিন টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদানও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে সেই চেক তুলে দিয়েছিলেন।