বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ভারতীয় দলের মাথায় বসে যা ইচ্ছা তাই করছে ও… একটা ব্যর্থ লোক।” রবিবার, নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় সমর্থকদের গলায় প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে এমন সব মন্তব্যই উঠে এসেছিল। আসলে, টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ করে লাল বলের ক্রিকেট সহ অন্যান্য সংস্করণগুলিতে ব্যর্থতা কার্যত ঘিরে ধরেছে ভারতকে। গতদিনগুলিতে সাদা বলে সাফল্য এলেও গতকালের পরাজয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। তাঁদের দাবি, “এবার ভারতের কোচ বদলানো হোক!”
গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে টিম ইন্ডিয়ার ফ্লপ শো-
2024 সালের জুলাই মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের সাফল্যকে বুকে নিয়ে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান পতন লেগেই রয়েছে টিম ইন্ডিয়ার। 2025 সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের সাফল্যটা সকলের মনে লেগে থাকলেও এরপর থেকে বিশেষ করে লাল বলের ক্রিকেটে চরম ব্যর্থতা দেখেছে টিম ইন্ডিয়া।
গৌতম গম্ভীরের অধীনে 2024 সালের আগস্ট মাসে 1997 সালের পর প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হারে ভারত। এরপর 1988 সালের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হয় টিম ইন্ডিয়া। গম্ভীরের তৃতীয় ব্যর্থতা দেখা দেয় 2024 সালের নভেম্বরে গিয়ে। এই মাসে 2012 সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। সেই সময়েই আফ্রিকার বিরুদ্ধে 124 রানের সামান্য লক্ষ্য ছুঁতেও ব্যর্থ হয়েছিল ভারত।
সে বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে দীর্ঘ 8 বছর পর প্রথমবারের মতো ইডেন গার্ডেন্সে ম্যাচ হেরেছিল ভারত। 2024 এই 92 বছরের মধ্যে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে 350 এর বেশি রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল ভারত। গম্ভীর জমানাতেই 17 বছরের মধ্যে প্রথমবার ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হেরেছিল ভারত। গম্ভীরের অধীনেই প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ফের কবে ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে? জানুন দিনক্ষণ
এখানেই শেষ হচ্ছে না অসফলতার তালিকা। 2015 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে হারতে হয়েছিল ভারতকে। গম্ভীর জমানাতেই প্রথমবারের মতো ব্যাক টু ব্যাক দশটি টেস্টে হারের নজিরও রেখেছে ভারত। দীর্ঘ 12 বছরের মধ্যে গম্ভীরের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার সামনে পরপর তিনটি টেস্টে হার দেখেছে ভারত। একই সাথে গম্ভীর জামাতেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হারতে হলো ভারতকে। ইন্দোরের মাটিতেও প্রথমবারের মতো ভারতের এই পরাজয় গম্ভীরের দিকেই আঙুল তোলে।