প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিনে কনকনে ঠান্ডা আবহাওয়ায় রীতিমত জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। কিন্তু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গে (South Bengal) শীত নেই প্রায় চলে। কনকনে ঠাণ্ডা তো দূরের ব্যাপার, যত দিন যাচ্ছে, তত শীতের অনুভূতি পাওয়াই ডুমুরের ফুল হয়ে উঠছে। কারণ এখন বিভিন্ন জেলার পারদ কিছুটা চড়েছে। গভীর রাত বা ভোরের দিকে হালকা-শীত অনুভূত হলেও বাকি সময়টা মোটামুটি গরম-গরমই লাগছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামীকাল সরস্বতী পুজোর দিন আবহাওয়া একদমই শুষ্ক এবং হালকা গরম থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর রয়েছে। এবং আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার, আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আর এই দুয়ের জেরেই উধাও হবে শীত। অর্থাৎ আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। পাশাপাশি, সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল, সরস্বতী পুজোর দিন সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের মেজাজ বজায় থাকবে। তবে বেলার দিকে রোদের তেজ বেশি থাকায় হালকা গরম অনুভূত হতে পারে। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আসলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।তবে আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: “মাথা তো আমি ঝোঁকাবো না স্যার…” সরকারি মেলায় হেনস্থার শিকার স্নিগ্ধজিৎ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা। অন্যদিকে আগামীকালও সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও কুয়াশার দাপট থাকবে।