সহেলি মিত্র, কলকাতা: ২০২৬ সালের শুরুটা একদম হাড় কাঁপানো ঠান্ডা দিয়েই শুরু হয়েছিল বঙ্গবাসীর। যদিও দক্ষিণবঙ্গে কিছুটা হলেও উবে গিয়েছে শীত। ব্যতিক্রম শুধুমাত্র উত্তরবঙ্গ। সেখানে কিছু জায়গায় আবার বরফ অবধি পেয়েছে, বছরের প্রথম বরফ। দার্জিলিং থেকে শুরু করে সিকিমের বিস্তীর্ণ জায়গা ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। অপরদিকে দক্ষিণবঙ্গ শুষ্ক, ঠান্ডাহীন। তবে চিন্তা নেই, কারণ আজ সোমবার থেকেই আবহাওয়া বদলে যেতে চলেছে সমগ্র বাংলার। হ্যাঁ একদম ঠিক শুনছেন। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের পারদ পতন হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। বাকিটা চলুন জেনে নেবেন বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ তীব্র ঠান্ডা থাকতে পারে নদীয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায়। অপরদিকে স্বাভাবিকের থেকে বেশি শীতের প্রকোপ থাকবে কলকাতা শহরেও। কলকাতা, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকবে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আরও জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে।
আরও পড়ুনঃ বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় দ্বিগুণ বেড়ে দাঁড়াল ১.৯৮ লক্ষ কোটি!
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই দিন ধরে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে পশ্চিমা ঝঞ্ঝা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে তাপমাত্রায় সামান্য ওঠানামা করছিল। তবে আর নয়, কারণ আগামী দিনে দক্ষিণবঙ্গের ঠান্ডা আরও তীব্র হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ সোমবারও দার্জিলিং ও কালিম্পং সহ চারটি জেলায় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সান্দাকফু-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের আরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঠান্ডার স্পেল চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।