সহেলি মিত্র, কলকাতা: এখনই বিদায় নিচ্ছে না শীত, আবারো রাজ্য জুড়ে তাপমাত্রা কমার ইঙ্গিত (Weather Today)। আজ শনিবার, ৭ ফেব্রুয়ারি, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ঠান্ডার আমেজ বেশ ভালোভাবে অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবারের পর শনিবারও শীতের রেশ ভালভাবেই বজায় থাকবে। সকালের দিকে কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে হালকা কুয়াশা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস মোটের ওপর একই জারি করা হয়েছে। যদিও, উত্তরবঙ্গের ঠান্ডা এখনো বেশ জাঁকিয়ে রয়েছে এবং আগামী দিনেও থাকতে চলেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, কলকাতা ও কলকাতা লাগোয়া এলাকায় তাপমাত্রা কিছুটা বেশির দিকে হলেও, দক্ষিণবঙ্গের অন্যত্র সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে চলেছে। শনিবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বনিন্ম তাপমাত্রা থাকতে চলেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কলকাতা, সল্টলেক এলাকার সর্বনিন্ম তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়া ও বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে গড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস। নদীয়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও পূর্ব বর্ধমানের সর্বনিন্ম তাপমাত্রা খানিক বেশি থাকার সম্ভাবনা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিংয়ে এখনো হাড় কাঁপানো ঠান্ডা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার ও জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানানো হয়েছে। যদিও শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: নামীদামী স্কুল নয়, IAS-র সন্তান পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ জনতা
মালদা জেলায় ইতিমধ্যে গরম অনুভূত হতে শুরু করেছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রাও মোটামুটি অনুরূপ থাকতে চলেছে। স্বস্তি একটাই, আপাতত, রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বত্র ঝলমলে নীল আকাশ দেখতে পাওয়া যাবে। ভোরের কিছু এলাকায় দেখা মিলতে পারে কুয়াশার হালকা চাদর।