দক্ষিণে দুর্যোগ কাটলেও উত্তরে জারি বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা! আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে চৈত্র মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। যার ফলে কিছুদিন আগেই তাপমাত্রায় বিরাট পরিবর্তন হয়েছিল। কালবৈশাখী, শিলাবৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে এইমুহুর্তে দক্ষিণে কমেছে দুর্যোগ, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। তবে উত্তরের (North Bengal) আকাশ থেকে এখনই দুর্যোগ কাটছে না। আগামীকালও (Weather Tomorrow) উত্তরের একাধিক জেলায় সতর্কতা নারী করা হয়েছে। যদিও সপ্তাহান্তে ফের দক্ষিণের আবহাওয়া বদলাতে পারে।

অবশেষে বৃষ্টি দুর্যোগ অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল ও বৃহস্পতিবার কিছুটা ‘শান্ত’ থাকবে পরিস্থিতি। আর তাতেই দক্ষিণে চড়বে পারদ। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। কিন্তু বৃষ্টি নামলেই নিম্নমুখী হবে তাপমাত্রা। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে পাল্টাবে আবহাওয়ার মতিগতি। থাকবে কালবৈশাখীর পূর্বাভাস, একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কম থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। তবে বিকেলের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। এছাড়াও বাকি ১১টি জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শুক্র ও শনিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ছোট ডিউটি গাড়ি থেকে বাস—সব ভাড়ায় ১০% বৃদ্ধি, বিশেষ বিজ্ঞপ্তি পরিবহন দফতরের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গেলেও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে। পার্বত্য এলাকায় আগামীকাল, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ এর আশঙ্কা রয়েছে পার্বত্য জেলাগুলিতে। জানা গিয়েছে আগামী পাঁচদিন আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

Leave a Comment