সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ন্যাশনাল হাইওয়েগুলোতে যাতায়াতের অভিজ্ঞতায় এবার বিশাল বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ২০২৬ সালের শেষেই ভারতের সমস্ত জাতীয় সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত টোল সিস্টেম (AI Based Toll System) চালু করা হবে। আর এর নতুন প্রযুক্তির ফলে FastTag ব্যবস্থার বিদায় ঘণ্টাও যে বেজে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সবথেকে বড় ব্যাপার, এই টোল সিস্টেমে অটোমেটিক ব্যাঙ্ক থেকেই টাকা কেটে নেওয়া হবে।
FastTag এর বদলে এবার ফ্রি-ফ্লো টোলিং
প্রসঙ্গত, নতুন এই ব্যবস্থায় টোল প্লাজায় গাড়ি থামানোর আর কোনও দরকার পড়বে না। এমনকি গাড়ির গতি কমানোরও দরকার পড়বে না। গাড়ি যখন হাইওয়ে দিয়ে যাবে, তখন স্যাটেলাইট এবং এআই ক্যামেরার মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে ওই গাড়ির নম্বর প্লেট চিনে নেওয়া হবে, আর জিপিএস এবং এআই প্রযুক্তির সাহায্যে আপনার গাড়ি কত কিলোমিটার পথ অতিক্রম করেছে তা নির্ভুলভাবে গণনা করে সরাসরি গাড়ির সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। বর্তমান সময়ে FastTag এর ক্ষেত্রে গাড়িকে টোল গেটের সামনে অন্তত কয়েক সেকেন্ডের জন্য গতি কমাতে হয়। তবে নতুন ব্যবস্থায় ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল কেটে নেওয়া হবে অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে।
নীতিন গড়কড়ির মতে, এই মডেল যদি কার্যকর হয়ম তাহলে বছরে আনুমানিক ১৫০০ কোটি টাকার জ্বালানি সাশ্রয় হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ, টোল প্লাজায় দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রচুর তেল অপচয় হয় যা সম্পূর্ণ বন্ধ হবে। এছাড়াও সরকারের টোল বাবদ বছরের প্রায় ৬০০০ কোটি টাকা আয় বৃদ্ধি পাবে। কারণ, প্রযুক্তির সদ্ব্যাবহার করলে টোল ফাঁকি দেওয়ার সুযোগ অনেকটাই কমবে বলে মত প্রকাশ পরিবহন মন্ত্রীর।
🚨 “A new AI-driven toll system will capture photos of number plates & deduct toll amount directly from bank accounts.”
– Minister Nitin Gadkari. pic.twitter.com/ADNAnjbMEs
— Indian Tech & Infra (@IndianTechGuide) March 30, 2026
আরও পড়ুন: প্রচার ছেড়ে সিজিও কমপ্লেক্সে তৃণমূল প্রার্থী, দেবাশিস কুমারকে তলব ED-র
উল্লেখ্য, বর্তমানে FastTag এর মাধ্যমে টোল দিতে গড়ে ৬০ সেকেন্ড সময় লেগে যায়। তবে নতুন ব্যবস্থায় সেই সময় একেবারে শূন্যে নেমে আসবে। আর এতে মানুষের ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে না বললেই চলে। যার ফলে গোটা প্রক্রিয়ায় এখন স্বচ্ছতা বাড়বে আর হাইওয়েগুলি হবে যানজটমুক্ত। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নতুন সিস্টেম শুধুমাত্র জাতীয় সড়কের ক্ষেত্রেই কার্যকর হবে। রাজ্যসড়ক বা অন্যান্য শহরের ভিতরে রাস্তার দায়িত্ব রাজ্য সরকারেরই থাকবে।