প্রীতি পোদ্দার, পশ্চিম মেদিনীপুর: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রীতিমত জোরকদমে ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় পশ্চিম মেদিনীপুরে গ্রামবাসীদের জন্য নেওয়া হল এক দারুণ উদ্যোগ। তারকা সাংসদ জুন মালিয়ার (June Malia) উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চোরপালিয়া গ্রামে তৈরি হতে চলেছে নতুন একটি সেতু। গতকালই, এই সেতুর শিলান্যাস করলেন তিনি।
সেতু তৈরির জন্য ৫৫ লক্ষ টাকা বরাদ্দ
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের চকইসমাইল গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সেতু ভেঙে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। তবুও কাজের খাতিরে চোরপালিয়া গ্রামের লোকজন এতদিন ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন কি ভাঙ্গা ব্রিজ দিয়ে। স্থানীয় বিধায়ক বিক্রম প্রধানের কাছে ও আবেদন জানানো হয়েছিল। তাঁদের দাবি ছিল, নতুন করে একটি সেতু তৈরি করার। তবে এবার সেই দাবির কথা মেনে বড় উদ্যোগ নিল মেদিনীপুরের তারকা সাংসদ জুন মালিয়া। নিজের সাংসদ তহবিল থেকে ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করেন নতুন সেতুর জন্য।
কী বললেন তারকা সাংসদ জুন মালিয়া?
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়া গ্রামে নতুন সেতুর শিলান্যাস উদ্বোধনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তারকা সাংসদ জুন মালিয়া। সেখানেই তাঁকে দেখা গেল, শিলান্যাসের জায়গায় ইট পেতে, নিজের হাতে সিমেন্টে লেপে দিতে। এই প্রসঙ্গে তিনি বলেন, “ গ্রামবাসীদের জন্য নতুন সেতু এমনভাবে তৈরি করা হবে যাতে অ্যাম্বুল্যান্সও সহজে যেতে পারে। সেতুটি আগের তুলনায় আরও চওড়া করা হচ্ছে।” স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিপ্লব ঘোড়াই-জানিয়েছেন কাজের অগ্রগতির উপর ভিত্তি করে, আগামী বছরের বর্ষার আগেই এই সেতুটির নির্মাণ সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে
আরও পড়ুন: টোটোর দুলুনিতে চালকের প্রেমে হাবুডুবু, বিয়ের পর পরিবার না মানায় ধর্নায় তরুণী
সেতু নির্মাণের এতদিনের দাবি অবশেষে পূরণ হওয়ায় বেশ খুশি স্থানীয় বাসিন্দারা। গ্ল্যামার জগতের সাংসদ জুন মালিয়ার এই উদ্যোগকে দেখে বেশ মুগ্ধ গ্রামবাসীরা। অগাধ ভরসা রাখছেন তাঁর উপর। তাঁরা বলছেন, ব্রিজ তৈরি হয়ে গেলে শুধু তাঁদেরই নয়, আশপাশের একাধিক গ্রামে যাতায়াতের সুবিধা হবে। অর্থনৈতিক সমস্যা মিটবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।