দাম কমছে ১৭টি ক্যান্সারের ওষুধের! বাজেট ২০২৬-এ আর কী কী সস্তা হচ্ছে?

Union Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজেট (Union Budget 2026) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার সংসদে টানা নবম বারের বাজেটের বক্তৃতায় তিনি একাধিক ঘোষণা করলেন যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কর ব্যবস্থা সরলীকরণ এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের অনেকটাই দাম কমানোর ঘোষণায় নজর কেড়েছে এবারের বাজেট।

বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমা

চাকরিজীবী এবং করদাতাদের জন্য আসলো বিরাট স্বস্তির খবর। কেন্দ্র সরকার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে এবার ৩১ জুলাই, ২০২৬ করার কথা ঘোষণা করেছেন। ফলে করদাতারা এখন আগের তুলনায় বেশি সময় হাতে পাবে রিটার্ন ফাইল করার জন্য। আর বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে শেষ মুহূর্তে তাড়াহুড়ো অনেকটাই কমবে।

বিরল রোগ এবং ক্যান্সারের ওষুধে অনেকটাই ছাড়

এবারের বাজেটের সবথেকে বড় ঘোষণা করা হয়েছে ওষুধের দামে ছাড় নিয়ে। হ্যাঁ, বাজেট অনুযায়ী, সাতটি বিরল রোগের ওষুধের দাম অনেকটাই কমানো হবে। এমনকি ১৭টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমানো হচ্ছে। আর ব্লাড সুগার বা ডায়াবেটিসের একাধিক ওষুধ সস্তা হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসার বোঝায় জর্জরিত রোগী বা তাঁদের পরিবার অনেকটাই স্বস্তি পাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: প্রতি জেলায় মেয়েদের জন্য হোস্টেল, শিক্ষা, কর্মসংস্থান! বাজেট ২০২৬-এ কী কী ঘোষণা হল?

কোন কোন জিনিস সস্তা হচ্ছে?

বাজেট ২০২৬-এ আমদানি শুল্ক এবং কর কাঠামো সংশোধনের ফলে এবার একাধিক নিত্য প্রয়োজনীয় ও শিল্প পণ্যের দাম অনেকটাই কমতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সোলার পাওয়ার সংক্রান্ত যন্ত্রাংশ, মাইক্রোওয়েভ ওভেন, জুতো, কাপড় এবং চামড়াজাত দ্রব্য। পাশাপাশি ব্যাটারি, সিএনজি ও ইলেকট্রিক গাড়ির দামও কমবে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ বান্ধব যানবাহনের ক্ষেত্রে এই ছাড় অর্থনীতিকে যে আরও তরান্নিত করবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment