বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটে তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আন্তর্জাতিক ক্রিকেটেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন মাত্র 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার তালিকায় নাম লেখানো এই খেলোয়াড় সম্প্রতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংরেজদের পিটিয়ে 175 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। আর সেটাই যেন হয়ে ওঠে ভারতের জয়ের কারণ। টিম ইন্ডিয়ার বিস্ময় বালক, বৈভব সূর্যবংশী এবার পা রেখেছেন বিজ্ঞাপন দুনিয়াতেও। তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে 13 হাজার কোটি মূল্যের সংস্থা জাইডাস ওয়েলনেস।
কোন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বৈভব?
ক্রিকেটে বিহারের 14 বছর বয়সী বৈভবের সাফল্যকে সামনে রেখে তাঁকে জনপ্রিয় নিউট্রিশনাল ড্রিঙ্ক কমপ্লানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে জাইডাস ওয়েলনেস। আগেই জানানো হয়েছে, এই সংস্থার বর্তমান মার্কেট ভ্যালু 13 হাজার কোটি টাকা বা তারও বেশি। রিপোর্ট অনুযায়ী, বৈভবের হাত ধরে যে নতুন ক্যাম্পেইন চালানো হবে তার নাম রাখা হয়েছে “থোড়া প্ল্যান, থোড়া কমপ্লান।”
সংস্থা সূত্রে খবর, 22 গজের দাপুটে ক্রিকেটার খুদে বৈভব সূর্যবংশীর হাত দিয়ে যে নতুন ক্যাম্পেইন চালানো হবে তার মূল গল্পতে তুলে ধরা হয়েছে বৈভব সূর্যবংশীর বাস্তব জীবন সংগ্রাম এবং সাফল্যের পথচলা। সংস্থাটি মনে করে, বৈভবের বেড়ে ওঠা এবং ক্রিকেটে তাঁর একের পর এক সাফল্য কমপ্লান এবং নতুন ক্যাম্পেইনের সাথে একেবারে মানানসই। ক্রিকেট মহলের অনেকেরই বক্তব্য, বৈভব সূর্যবংশী যেভাবে দ্রুততার সাথে সাফল্য লাভ করছেন আগামী দিনে তার গল্প দেশের বহু তরুণ তরুণীকে অনুপ্রাণিত করবে।
অবশ্যই পড়ুন: আমেরিকায় বাড়লেও দিন দিন দুর্নীতি কমছে ভারতে, কী অবস্থা পাকিস্তানের? দেখুন আন্তর্জাতিক রিপোর্ট
প্রসঙ্গত, আপাতত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শেষ। ফলে, বৈভব সূর্যবংশীকে এবার দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনারের ভূমিকায় মাঠে নামতে পারেন তিনি। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই জাতীয় সিনিয়র দলে যাওয়ার রাস্তাটা অনেকটাই প্রশস্ত করবেন বৈভব। সবচেয়ে বড় কথা, IPL চলাকালীনই 14 বছর পূর্ণ হয়ে 15 তে পড়বেন বিহারের ভূমিপুত্র।।