প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। সাধারণ মানুষের সুবিধার্থে তাই একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে শাসকদল। বাদ যাচ্ছে না বিজেপিও। উন্নয়নের প্রতিশ্রুতি যেন উপচে পড়ছে। এমতাবস্থায় নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণেরও দায়িত্ব পাওয়ার মাঝেই এ বার দিঘায় (Digha) হোটেল নির্মাণ করতে চলেছে হিডকো। প্রকাশ করা হল বিজ্ঞপ্তি।
হোটেলের সমস্যা মেটাতে মমতার বড় উদ্যোগ
গত বছর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন মহা আড়ম্বরে দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মন্দিরের ধাঁচে নির্মিত এই অপূর্ব সুন্দর মন্দিরটি সকলের নজর এতটাই আকর্ষণ করেছিল যে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। গত ডিসেম্বরে আট মাস অতিক্রম করার আগেই জগন্নাথধামে দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। একদিকে সমুদ্র, অন্যদিকে জগন্নাথ দর্শন, মিলে মিশে একাকার যার ফলে হোটেল পাওয়া খুবই দুষ্কর হয়ে উঠেছে। তাই এবার সেই সমস্যা দূর করতে হাল ধরল হিডকো। গতকাল মঙ্গলবার এই মর্মে দুটি দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই উন্নয়ন নিগম।
প্রকাশ করা হল দুটি দরপত্র
জানা গিয়েছে, হিডকো প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় ৩৪টি প্লটে এই নির্মাণ করা হবে। মোট জমির পরিমাণ থাকবে ৬.৮৮ একর। পাশাপাশি দ্বিতীয় দরপত্রের বিজ্ঞপ্তিতে ১২টি প্লটের উল্লেখ করা হয়েছে। যার মোট জমির পরিমাণ ২.২৯ একর। সবমিলিয়ে প্রায় ১০ একর জমিতে এই হোটেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে হিডকো। সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ‘ই-অকশন’ প্রক্রিয়ার মাধ্যমে এই দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে। যদিও সেক্ষেত্রে শর্ত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, যাদের গত তিনটি আর্থিক বছরের প্রত্যেকটিতে ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে একমাত্র তাঁরাই ‘ই-অকশন’ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
আরও পড়ুন: কয়লা কাণ্ডে নগদ ৪ কোটি সহ সোনার গয়না বাজেয়াপ্ত ED-র
হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দীঘায় হোটেল নির্মাণ প্রসঙ্গে জানিয়েছেন যে, “দিঘায় এমনিতেই পর্যটকের ভিড় বাড়ছে। বিশেষ করে, জগন্নাথধাম নির্মাণের পরে ভিড় আরও গতি পেয়েছে। আর সেই সুযোগ নিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকদের থেকে বেশি টাকা নিয়ে লুটতরাজ শুরু করেছে। তাই সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখেই হিডকো এই সিদ্ধান্ত নিয়েছে।” জানা গিয়েছে, হোটেল নির্মাণের জন্য কমবেশি ২০০ কোটি টাকা খরচ হতে পারে এবং কাজ শেষ করার জন্যে পাঁচ বছর লাগতে পারে। অন্যদিকে দিঘার জগন্নাথ মন্দিরের পরে নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণেরও দায়িত্ব পেয়েছে হিডকো।