সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি। ফের ঝড় বৃষ্টির দাপটে বাংলার আবহাওয়া খানিক ঠান্ডা হয়ে গিয়েছে। দিনে গরম লাগলেও খুব অস্বস্তি হচ্ছে না। বরং তাপমাত্রাও এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে। আজ সোমবারও বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। স্বস্তির খবর, আগামী দু’একদিন জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুলেটিন জারি করে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায়। হলুদ সতর্কতার পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি সিস্টেম উত্তর-পূর্ব আরব সাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আগামী ৩ দিন পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে এবং পরবর্তী ২-৪ দিনে আবার ২-৪ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মৌসম ভবন জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড় হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় দুর্যোগ চলবে। যদিও এদিন দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে হতে পারে।
আরও পড়ুন: ঢুকছে না অ্যাকাউন্টে টাকা, বন্ধ হয়ে গেল ‘রূপশ্রী’ প্রকল্প? চিন্তায় বহু পরিবার
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে আবার তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন উথাল পাথাল হতে পারে বাংলার কয়েকটি জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতেও কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, সপ্তাহের দ্বিতীয় দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।