‘দিল্লিকে বানাব খলিস্তান…’ রাজধানীর ৯টি স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Delhi Bomb Threat

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাজধানীতে বোমাতঙ্ক (Delhi Bomb Threat)। সোমবার সকালে বোম মেরে দিল্লির নয়টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ছড়িয়েছে, যা নিয়ে গোটা রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায়, এদিন সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যেই দিল্লির প্রথম সারির স্কুলগুলির কাছে এই ইমেইল আসে। আর সেখানেই হুমকি দেওয়া হয় যে, দুপুর নাগাদ বিস্ফোরণ ঘটতে চলেছে। হুমকি আসতেই স্কুলগুলিকে খালি করে দেওয়া হয় এবং পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানো হয়।

কী লেখা ছিল ওই ইমেইলে?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মেইলে লেখা ছিল, “আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে এবার খলিস্তান বানাব। দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটবে।” এমনকি তলায় লেখা ছিল, “খলিস্তান ন্যাশনাল আর্মি।” আর সবথেকে বড় ব্যাপার, ওই ইমেইলে শুধুমাত্র স্কুল নয়, বরং সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। আর সেখানে স্পষ্ট লেখা হয় যে, “১৩ ফেব্রুয়ারি সংসদ উড়িয়ে দেওয়া হবে। ১টা ১১ মিনিটে এই বিস্ফোরণ ঘটানো হবে। পাঞ্জাব হল খলিস্তান।”

এটাকে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওই স্কুলগুলির তালিকায় রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাস পুরি এবং নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, আইএনএ-এর ডিটিইএ স্কুল, নিউ রাজেন্দ্র নগরের মানবস্থলী স্কুল, রোহিনের বাল ভারতীয় স্কুল এবং সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল। জানা গিয়েছে, প্রত্যেকটি স্কুলেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর দ্রুত খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন: সিঁদুরে ঝটকা, সৈন্যশক্তিতে অনেকটাই তলানিতে পাকিস্তান! ভারত কোথায়? দেখুন তালিকা

বলার বিষয়, গত ১০ নভেম্বর রাজধানীর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আর সেখানে অনেকের মৃত্যু হয়। তারই মধ্যে বারবার এরকম আতঙ্ক ছড়ায় রাজধানীতে। গত ২৯ জানুয়ারি দিল্লির পাঁচটি স্কুল এরকম বোমাতঙ্কের মেইল পেয়েছিল। তবে পরে দেখা যায় সবটাই ভুয়ো হুমকি। এমনকি ২৮ জানুয়ারি দ্বারকা আদালত চত্বর ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। তাও বিভ্রান্তিকর হিসেবে প্রমাণিত হয়। আর দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে প্রশাসন যতটা সম্ভব নজরদারি চালাচ্ছে।

Leave a Comment