দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক নীতিনের, সংবর্ধনা জানালেন জগন্নাথ সরকার

Jagannath Sarkar

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে বিরোধী দল থেকে শুরু করে শাসকদল। আর এই আবহে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR নিয়ে এখনও তরজা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এমতাবস্থায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ করে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে দিল্লিতে আয়োজন করা হয়েছিল সাংগঠনিক বৈঠক। আর সেখানেই তাঁকে সংবর্ধনা জানালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

নীতিন নবীনকে সংবর্ধনা জগন্নাথ সরকারের

গতকাল অর্থাৎ মঙ্গলবার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তিনি পুষ্পস্তবক দিয়ে ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত নীতিন নবীনকে সংবর্ধনা জানাচ্ছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত সম্মানীয় শ্রী নীতিন নবীন জী-কে সংবর্ধনা জানালাম এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সম্মানীয় ড. সুকান্ত মজুমদার মহাশয়ের বাসভবসে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ করে রাষ্ট্রীয় সভাপতি শ্রী নীতিন নবীন জীর সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক বৈঠক সম্পন্ন হল।”

সাংগঠনিক শক্তি বাড়ানোর নিদান নীতিনের

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের পোস্ট সূত্রে জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, সহ-প্রভারী অমিত মালভিয়া, কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন ইন-চার্জ ভূপেন্দ্র যাদব, ইলেকশন কো-ইনচার্জ বিপ্লব দেব এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিনের বৈঠকে নীতিন নবীন জানতে চান, সাংসদরা নিজের এলাকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে নিয়ম করে যান কি না। এছাড়াও সাংসদদের নির্দেশ দেন, তাঁর লোকসভা এলাকার যে বিধানসভা কেন্দ্রগু‍লিতে সাংগঠনিক শক্তি তুলনায় কম, সেখানে আরও বেশি করে সময় দেওয়ার জন্য।

আরও পড়ুন: ঋণে জর্জরিত, বেতন মেলেনি ১ বছর! অবসাদে আত্মঘাতী পরিবহণ নগমের ঠিকাকর্মী

সব মিলিয়ে, দিল্লির এই সাংগঠনিক বৈঠক থেকে স্পষ্ট—বাংলায় বিজেপির রাজনীতি এবার আরও আক্রমণাত্মক, জনসংযোগমূলক ও আন্দোলননির্ভর পথে হাঁটতে চলেছে। সংগঠনকে চাঙ্গা করতে সাংসদদের ভূমিকা যে এবার আরও বেশি নজরদারির মধ্যে থাকবে, সেই বার্তাও সাংসদদের দিয়ে দিলেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আরও কার্যকরভাবে ব্যবহার করার নির্দেশ দেন নীতিন।

Leave a Comment