দু’দশক পর ফিরছে পুরনো প্রথা! BLO শিক্ষকদের কাজের চাপ বাড়াল কমিশন

Voter Slips

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই দ্রুত গতিতে চলছে SIR প্রক্রিয়ার কাজ। কিন্তু শেষ পর্বে এসে ফের কাজ বাড়ল বুথ লেভেল অফিসার বা BLO-দের। জানা গিয়েছে CEO দপ্তর থেকে শুক্রবার বুথ স্তরের আধিকারিকদের নতুন কাজের কথা জানানো হয়েছে। তবে সেটা SIR সম্পর্কিত কাজ নয় বরং ভোট প্রক্রিয়া সম্পর্কিত। আর সেটি হল বাড়ি বাড়ি ভোটার স্লিপ (Voter Slips) বিলি করা।

ফের বাড়ল BLO-দের কাজ

SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তার পরে সেই সব ফর্ম পূরণের পর সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানোর দায়িত্ব এতদিন পালন করে এসেছিল বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা। তাতে যে অনেকের চাপ বেড়েছিল সেটা কাজের গতি দেখেই বোঝা যাচ্ছিল। যদিও সেই কারণে রাজ্যের মুখ্য CEO-র দফতরে গত নভেম্বর থেকে কয়েক দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। তবে এরই মধ্যে আরও একটি কাজের দায়িত্ব চাপল BLO-দের ওপর, আর সেটি হল ভোটার স্লিপ বিলি করা।

বিলি করতে হবে ভোটার স্লিপ

উল্লেখ্য, এত দিন অনেক জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিটা বাড়িতে বাড়িতে সদস্য সংখ্যা চেক করে ভোটার স্লিপ বিলি করতেন। তবে এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অন্য পদক্ষেপ নেওয়া হতে চলেছে। CEO দফতর সূত্রের খবর, নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং পক্ষপাতহীন করার লক্ষ্যেই এবার সেই কাজ করবেন বুথ লেভেল অফিসারেরা। গতকাল অর্থাৎ শুক্রবার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের দফতর জানিয়েছে, গত ১৫-২০ বছর ধরে ওই কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, এটা তাঁদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে।

আরও পড়ুন: বাংলায় এক দফায় নির্বাচন নিয়ে প্রস্তুত CEO দপ্তর

SIR নিয়ে প্রত্যেক বিএলও-র উপরে গড়পড়তা ২৫০টি পরিবার এবং ৯০০ থেকে ১,০০০ জন ভোটারের দায়িত্ব রয়েছে। ফর্ম বিলি, ‘ডিজিটাইজ়ড’ করার দায়িত্ব পালন করছেন তাঁরা। তার উপর বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত এই বুথস্তরের আধিকারিকদের উপর এ বার ভোটরা স্লিপ বিলির কাজ চাপানোর ফলে ফের অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে নানারকম ক্ষোভ ও অসন্তোষের মধ্যেই SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত BLO, ERO, AERO-দের সান্মানিক পারিশ্রমিকের টাকা ছাড়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে ফের চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Comment