দেড় বছরেও বিচার নেই, নির্যাতিতার জন্মদিনে ধর্মতলায় বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দেড় বছর কিন্তু এখনও আরজি কর ঘটনায় (RG Kar Case) সঠিক বিচার হয়নি। এখনও দাবিতে লড়ছে গোটা সমাজ। কিন্তু এসবের মাঝেই আবার চলে এসেছে আরজি করের নির্যাতিতার জন্মদিন। তাই আজ মেয়ের জন্মদিনে মেয়ের জন্য ন্যায়বিচারের দাবিতে আবারও রাস্তায় নামার আবেদন জানালেন নির্যাতিতার বাবা-মা। পাশে রয়েছে জুনিয়র চিকিৎসকদের একাংশ। জানা গিয়েছে এদিন ধর্মতলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের।

এখনও মেলেনি সঠিক বিচার

সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি আরজি কর নির্যাতিতার জন্মদিন, এদিনই তাঁর মৃত্যুর ১ বছর ৬ মাস পূর্ণ হল। গত বছর জানুয়ারি মাসে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু সেই রায়ে একদমই খুশি ছিলেন না নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, “এত বড় একটা ধর্ষণ-খুনের ঘটনায় কেবল একজন যুক্ত থাকতে পারেন না। আরও অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন।” এমনকি নির্যাতিতার বাবা মা সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু কোথায় কি বিচার যে এখনও অধরা। তাই পুনরায় নির্যাতিতার জন্মদিনের দিন ধর্মতলায় একগুচ্ছ কর্মসূচির আয়োজন করল জুনিয়র চিকিৎসকরা।

আগেরবারেও নেওয়া হয়েছিল একাধিক কর্মসূচি

গত বছরও আজকের দিনে একাধিক কর্মসূচির আয়োজন করেছিল জুনিয়র চিকিৎসকেরা। নির্যাতিতার স্মরণে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে সোদপুর মহেন্দ্রনগর উন্নয়ন সমিতির মাঠে ‘অভয়া ক্লিনিক’ বসেছিল। এছাড়াও আরজি কর প্রাঙ্গণে “Cry of the hour”এর সামনে জমায়েতের ডাক দিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই আন্দোলনের পরবর্তী রূপরেখাও ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। এবারেও তাই বিচার চেয়ে বিক্ষোভ মিছিল হতে চলেছে ধর্মতলায়।

আরও পড়ুন: “নো SIR, নো ভোট”—নির্বাচন কমিশনকে এবার কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

প্রসঙ্গত, আরজি কর ঘটনার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার নেয় কিন্তু তারাও আর কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল নির্যাতিতার বাবা-মা এবং জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সেই প্রশ্নের জবাব আজও মেলেনি। যদিও এর আগে একাধিকবার রাস্তায় নেমেছে নির্যাতিতার পরিবার, জুনিয়র চিকিৎসকেরা।

Leave a Comment