প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানিকে (SIR Hearing) কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ চরম আকার ধারণ করে। অভিযোগ বেছে বেছে সংখ্যালঘুদেরকেই একমাত্র শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। বাদ যাচ্ছে না কেউই। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকেও শুনানির নোটিশ পাঠিয়েছে কমিশন। প্রতিবাদে গতকাল ইংরেজবাজার বিডিও অফিসে বিক্ষোভ করেছিল স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এমতাবস্থায় ঘটে যায় এক আজব ঘটনা। নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিকেন্দ্রে হাজির এলেন এক যুবক। হুলুস্থুল কাণ্ড এলাকায়।
কবর থেকে মাটি তুলে শুনানি কেন্দ্রে যুবক!
টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় সালেক নামে এক স্থানীয় যুবকের গোটা পরিবারকে SIR শুনানির নোটিস দেওয়ার হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ওয়ারী দৌলতপুরে। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও তাঁর গোটা পরিবারকে SIR শুনানির নোটিস ধরিয়ে হয়রানি করছে। তাই শেষে নাগরিকত্বের প্রমাণ দিতে এবার নিজের দাদুর কবর থেকে মাটি তুলে ব্যাগে নিয়ে হাজির হন নাতি। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অফিসে উপস্থিত লোকজন অবাক হয়ে যায়। শুনানি কেন্দ্রের সামনেই উগড়ে দিলেন ক্ষোভ।
SIR শুনানি নিয়ে রাজনৈতিক তরজা
এসআইআর শুনানি নিয়ে দিনভর মালদার হরিশ্চন্দ্রপুর SIR শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চলেছে স্থানীয়রা। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে। এমনকি শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসাও হতে দেখা যায়। যার ফলে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ক্রমাগত নিশানা করে চলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও চুপ থাকছে না বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব হচ্ছেন তাঁরাও। যার ফলে তুঙ্গে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: বারাসতে অভিষেকের কনভয় দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান, দুই ব্যাক্তিকে পেটাল তৃণমূল কর্মীরা
প্রসঙ্গত, গতকাল, SIR শুনানি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকা। সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙনখালি এলাকায় হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। যার ফলে দীর্ঘ সময় ধরে স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। সপ্তাহের কর্মব্যস্ত প্রথম দিনেই রাস্তায় বেরিয়ে স্কুল-কলেজের পড়ুয়া, নিত্যযাত্রীরা প্রবল ভোগান্তির শিকার হয়েছিল।