সৌভিক মুখার্জী, কলকাতা: খাস কলকাতার ব্যস্ততম এলাকা হাওড়া ব্রিজে (Howrah Bridge) মঙ্গলবার রাতে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। জনবহুল সেতুর উপর এমন ঘটনা ঘটতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তবে এটি কোনও খুনের ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যুর পর দেহ ফেলে দেওয়া হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি কী?
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতের দিকে অফিস ফেরত মানুষের ভিড় ধীরে ধীরে কমতে শুরু করলে কয়েকজন স্থানীয় ও পথচারী হাওড়া ব্রিজের উপর এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পায়। প্রথমে অনেকে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু সন্দেহ হলে পরীক্ষা করে দেখা যায় যে, ওই ব্যক্তির দেহে প্রাণের কোনও চিহ্ন নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দেহে রক্তের চিহ্ন থাকার কারণে পুলিশের প্রাথমিক অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু না হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, হাওড়া ব্রিজে কি ওই ব্যক্তিকে তাহলে খুন করা হয়েছে? নাকি অন্য কোনও ঘটনার পর দেহটি ফেলে দেওয়া হয়েছে?
আরও পড়ুন: পড়তে হবে আইনি জটিলতায়, খোয়া যাবে বিপুল অর্থ! ভারত বয়কটে কতটা ক্ষতি পাকিস্তানের?
এদিকে গোটা ঘটনার সূত্র খুঁজতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, দেহে আঘাতের চিহ্ন, মৃত্যুর সময় আর পরিস্থিতি স্পষ্ট করার জন্যই ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন।