প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে তুমুল ব্যস্ততা বঙ্গ রাজনীতিতে। এই অবস্থায় ফের আয়কর হানা রাজ্যে (Income Tax Department Raids)। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালেই নদিয়ার চাকদহে এক ব্যবসায়ীর বাড়ি এবং কারখানায় তল্লাশির জন্য হানা দিয়েছে আয়কর দফতর৷ কিন্তু কী কারণে এই তল্লাশি সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
আয়কর হানা চাকদহে
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার সাতসকালে আয়কর দপ্তরের একটি দল হানা দিয়েছে নদিয়ার চাকদহে ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায়। সেখানকার বাসিন্দা এক প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। তবে শুধু বাড়ি নয়, তার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীক কারখানাতেও তল্লাশি চালান তাঁরা। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে চারজন আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ী বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি যে ঠিক কী কারণে এই জরুরি তল্লাশি। স্বাভাবিকভাবেই তাই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কী কারণে এই তল্লাশি?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্লাইউড ব্যবসায়ী টোটন দত্ত দীর্ঘদিনের ব্যবসায়ী। সমাজে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে, টোটন দত্তের নাকি একাধিক জায়গায় প্লাইউডের দোকান এবং কারখানা রয়েছে। কিন্তু তিনি যে কোনো দুর্নীতি বা অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা ভাবতে পারছে না স্থানীয়রা। তবে অনেকের ধারণা বড়সড় কোনও জালিয়াতিতে জড়িয়ে যাওয়ার কারণে তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনো আপডেট পাওয়া যায়নি।
আরও পড়ুন: Instagram-এ ঐতিহাসিক মাইলফলক মোদীর! ১০ কোটি ছুঁল ফলোয়ার্স
প্রসঙ্গত, চলতি মাসেই মধ্য ও দক্ষিন কলকাতার মোট ৮ জায়গায় আয়কর হানা দিয়েছিল। জানা গিয়েছে, সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে তল্লাশি চালিয়েছিলেন তাঁরা৷ আয়কর ফাঁকি, হিসাব বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান হয়েছিল৷