নজরে GST প্রতারণা, কলকাতার ৭ জায়গায় একযোগে হানা ED-র

ED Raids In Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই কলকাতায় আই-প্যাকের দফতর ও তৃণমূলের আইটি প্রধান তথা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিকে ঘিরে এখনও ঝামেলার রেশ কাটেনি। মামলা এখনও চলছে আদালতে। আর এই অবস্থায় বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় ইডি-র তল্লাশি অভিযান (ED Raids In Kolkata) শুরু হল। জানা গিয়েছে, জিএসটি প্রতারণা মামলায় কলকাতার ৭ জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফের ED-র তল্লাশি অভিযান

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিটে প্রতারণার অভিযোগ উঠে আসছিল শহরের বেশ কয়েকটি এলাকায়, তাই এবার সেই প্রতারণার বেড়াজাল ভাঙতে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, আজ সকাল থেকেই কলকাতার সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় সংস্থা। তবে শুধু কলকাতা নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে এই প্রতারণার তল্লাশি। ED সূত্রে খবর, প্রতারকরা ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নিচ্ছে।

আর্থিক নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র প্রাথমিক অনুমান, একাধিক ‘শেল কোম্পানি’ ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা হাতাচ্ছে। কিন্তু সেই অর্থ কোথায় গিয়েছে, কারা এই চক্রের মাথা, তা খুঁজে বের করা হচ্ছে। শেষ আপডেট অনুযায়ী, বেশ কয়েকটি ব্যবসায়ীর বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডি মুখ খোলেনি।

আরও পড়ুন: SIR নিয়ে তাণ্ডবের মামলায় রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, বর্তমানে আইপ্যাক তদন্ত ঘটনায় এখনও ইডি এবং রাজ্য সরকারের মধ্যে দ্বৈরথ রয়েছে তুঙ্গে। তার মাঝেই, গতকাল অর্থাৎ সোমবার, ব্যাংক জালিয়াতি মামলায় কলকাতার ব্যবসায়ী প্রত্যুষ কুমার সুরেকাকে ধারা ১৯ (১)-এর ২০০২ সালের অর্থ তছরুপ আইনে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরনেই গণেশ জুয়েলারি হাউজের ব্যাঙ্ক জালিয়াতির মামলার তদন্ত করছে ইডি। অভিযোগ, ২৮০০ কোটি টাকা তছরুপের মামলায় তাঁর নাম জড়িয়েছে। যার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment