নতুন বছরে চিংড়িঘাটা মেট্রো নিয়ে বড় দুঃসংবাদ!

Kolkata Metro Orange Line Chingrighata problem latest update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যত নষ্টের গোড়া চিংড়িঘাটা রুটের ট্র্যাফিক জট। ব্লকিং না হলে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না সল্টলেক সেক্টর ফাইভমুখী মেট্রো প্রকল্পের কাজ (Kolkata Metro Orange Line)। যা নিয়ে বারবার রাজ্যের কাছে আবেদন জানানো সত্বেও কাজের কাজ হয়নি। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে থাকায় রাজ্যের অসহযোগিতাকেই দায়ী করেছিলেন তিনি। এমতাবস্থায় এবার শোনা যাচ্ছে, অরেঞ্জ লাইন মেট্রোর যে কাজ শেষ করার জন্য লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল 2027 সাল। চিংড়িঘাটা জটের কারণে তা আরও এক বছর পিছিয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই এই খবর মেট্রো যাত্রীদের জন্য নিঃসন্দেহে বড়সড় দুঃসংবাদ।

পিছিয়ে যাচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পের ডেডলাইন

চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লকের জন্য বারবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ছাড়পত্র চাওয়া হয়েছিল মেট্রো রেলের তরফে। তবে অভিযোগ, কলকাতা মেট্রোর আবেদনে সাড়া দেওয়া তো দূর বরং, দিনের পর দিন ধরে এক কাজ নিয়ে গড়িমসি করছে রাজ্য। কাজেই মাত্র 366 মিটারের কাজ বাকি থাকায় সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ এগোতে পারছে না। ঠিক সেই আবহে, বলা ভাল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র একরাশ হতাশা নিয়ে জানালেন, 2027 সালের মধ্যে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে চিংড়িঘাটা জটের কারণে সেই ডেডলাইন আরও পিছিয়ে 2028 করে দেওয়া হয়েছে।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের কথায়, “ট্রাফিক ব্লক করা গেলেই মাত্র 366 মিটার অংশের কাজ সম্পূর্ণ করা যেত। তবে সেটা হচ্ছে না তাই পিছিয়ে গেল ডেডলাইন। আশা রাখছি, 2028 সালের মাঝামাঝি বা বছর শেষ হওয়ার আগেই অরেঞ্জ লাইনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে সবটাই নির্ভর করছে ট্রাফিক ব্লকের ছাড়পত্রের উপর।”

অবশ্যই পড়ুন: JioHotstar নয়, ISL এ মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ অন্যান্য ম্যাচ দেখা যাবে এখানে

উল্লেখ্য, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দায়িত্ব রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের হাতে। এদিকে চিংড়িঘাটায় জটের কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে অরেঞ্জ লাইন মেট্রোর বাকি অংশের কাজ। যা নিয়ে রাজ্য সরকারের টালবাহানার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। পরবর্তীতে গত 23 ডিসেম্বর আদালত নির্দেশ দেয়, 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটার জট খুলে মেট্রোর কাজ শেষ করতে হবে। এ নিয়ে রাজ্যকে একপ্রকার ভৎসনা করে মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু তাতেও হয়নি সুরাহা।

Leave a Comment