নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, চিনে নিন এই আমলাকে

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুদফায় রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এদিকে দিনক্ষণ ঘোষণার প্রায় ছয় ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর পরিবর্তে নিয়োগ করা হল প্রবীণ IAS অফিসার দুষ্মন্ত নারিওয়ালাকে (Dushyant Nariala)। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কে এই দুষ্মন্ত নারিয়ালা।

নয়া দায়িত্ব গ্রহণের নির্দেশ কমিশনের

রিপোর্ট মোতাবেক, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন পাশাপাশি নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। আজ, সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আসলে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময় রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। এবারেও তাই হয়েছে কিন্তু মুখ্যসচিব পরিবর্তন সাম্প্রতিক সময়ে বড় নজির গড়ে তুলেছে। যদিও এই নয়া মুখ্যসচিব এর আগে একাধিক দায়িত্ব সামলেছেন।

কে এই দুষ্মন্ত নারিওয়ালা?

জানা গিয়েছে, দুষ্মন্ত নারিওয়ালা, ১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক। আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন তিনি। সেই সময় উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ তদারকি করতেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি জিটিএ-র প্রধান সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দার্জিলিং পাহাড় এবং সংলগ্ন এলাকার উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সমন্বয় এবং রাজ্য সরকার ও জিটিএ-র মধ্যে নীতিগত সমন্বয় রক্ষার দায়িত্ব তাঁর উপর ছিল। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অগস্ট পর্যন্ত সামলেছেন বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও।

আরও পড়ুন: মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

উল্লেখ্য, দুষ্মন্ত নারিওয়ালা কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক (বি.এসসি.) এবং আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর— এই দুই স্পর্শকাতর জেলার জেলাশাসক (DM) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাজের দক্ষতা এবং প্রতিভাকে সামনে রেখেই তাই নন্দিনীকে সরিয়ে তাঁকেই রাজ্যের নতুন মুখ্যসচিব করল কমিশন। অন্যদিকে জগদীশের বদলে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে IAS আধিকারিক সংঘমিত্রাকে। তিনি ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন।

Leave a Comment