নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয়ী শাসক দল, জয় বাংলা স্লোগান উঠতেই বাঁধল তৃণমূল-বিজেপি সংঘর্ষ

TMC Wins Nandigram Cooperative Election

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে উঠল সবুজ ঝড় (Nandigram Cooperative Election)। রবিবার, সমবায় নির্বাচনের ফল প্রকাশিত হতেই জয়ী হয় তৃণমূল। আর তারপরেই সবুজ আবির উড়তেই দফায় দফায় সংঘর্ষ বাঁধল তৃণমূল এবং বিজেপির। দুপক্ষের সংঘাতে একপ্রকার রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে বিরাট পুলিশ বাহিনী। সূত্রের যা খবর, তৃণমূল-বিজেপির চরম সংঘর্ষে ইতিমধ্যেই আহত হয়েছেন 9 জন।

সমবায় নির্বাচনের ফল প্রকাশিত হতেই মুখোমুখি সংঘর্ষে তৃণমূল-বিজেপি

জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 এর রানিচক 45 আসন বিশিষ্ট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা 1 হাজার 40 জন। সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল এবং বিজেপির 80 জনপ্রার্থী। রবিবার বেলার দিকে, ফলাফল ঘোষণা হতেই দেখা যায় 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। সর্বসাকুল্যে হিসাব গিয়ে দাঁড়ায় 45 আসনের মধ্যে 27টি তৃণমূল এবং 18টি পেয়েছে বিজেপি।

শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনের ফল প্রকাশিত হতেই তৃণমূল সমর্থকদের একটা বড় অংশ জয় বাংলা স্লোগান দিতে থাকেন। শুরু হয় সবুজ আবির খেলাও। অন্যদিকে ঘাসফুল শিবিরের সমর্থকদের নিশানা করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপিও। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই একে অপরের মধ্যে বাক্য চলাচলির মধ্যে দিয়ে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে দু পক্ষ। স্থানীয়দের চেষ্টায় মাঝে তা থামানো গেলেও ফের আরেক দফা সংঘর্ষ বাঁধে। একে অপরের উপর কিল,চর, ঘুষি কষাতে থাকেন দুপক্ষের সমর্থকরা।

অবশ্যই পড়ুন: “শীঘ্রই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে!” কীসের ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিচ্ছে দেখে ময়দানে নামে বিরাট পুলিশ বাহিনী। পরবর্তীতে লাঠিপেটা করে দুপক্ষের ভিড় ছত্রভঙ্গ করেন পুলিশ কর্মীরা। যদিও দু পক্ষের সংঘর্ষের কারণে ইতিমধ্যেই 9 জন গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্রের খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর গড় আমদাবাদ সমবায় সমিতির নির্বাচনে হেরে যায় বিজেপি। সেক্ষেত্রে বলাই যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটি সমবায় নির্বাচনে বিজেপিকে বলে বলে হারাল তৃণমূল!

Leave a Comment