বিক্রম ব্যানার্জী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জংশন এবং জিয়াগঞ্জের মাঝে একটি হল্ট স্টেশন (Murshidabad Nasipur Halt Station) তৈরির দাবি জানিয়ে এসেছিলেন নসিপুরের স্থানীয় বাসিন্দারা। এর অন্যতম কারণ নসিপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কোনও স্টেশন নেই। ফলে, বাধ্য হয়ে ট্রেন ধরতে যেতে হয় সেই মুর্শিদাবাদ জংশন। মূলত সে কারণেই নসিপুরে একটি হল্ট স্টেশন তৈরি করা হোক এমন দাবিই রেখেছিলেন স্থানীয়রা। অবশেষে সেই দাবিতেই পড়ল সিলমোহর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার নাকি নসিপুরে হল্ট তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে রেলমন্ত্রক।
নতুন রেল ব্রিজ তৈরির পরেই হল্ট স্টেশন তৈরির অনুমোদন রেলের
সম্প্রতি নসিপুর রেল ব্রিজ তৈরি হয়েছে ভারতীয় রেলওয়ের তত্ত্বাবধানে। যা আজিমগঞ্জ এবং নসিপুরকে সংযুক্ত করবে। আর এই বিশেষ রেল ব্রিজ চালু করেই নসিপুরে একটি হল্ট স্টেশন চালু করার প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছে রেল মন্ত্রক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ জংশনের মধ্যবর্তী অঞ্চলে নসিপুর হল্ট তৈরি হলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেন ধরতে এখন আর দূরের স্টেশন বিশেষ করে মুর্শিদাবাদ জংশনের দিকে ছুটতে হবে না।
বলা বাহুল্য, দূরের গন্তব্যের জন্য ট্রেন ধরতে যেতে কষ্ট হতো খুব। তাই নসিপুরেই একটা হল্ট স্টেশন তৈরি করা হোক এমন দাবিতে সরব হয়েছিলেন নসিপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বেশ কয়েকবার রেল আধিকারিকদের চিঠি দেন তারা। শুরুর দিকে তাতে চিরে না ভিজলেও অবশেষে নতুন বছরে নসিপুরের সাধারণ যাত্রীদের দাবিকে মান্যতা দিল রেলমন্ত্রক। এদিকে নসিপুর হল্ট স্টেশন তৈরি করার প্রস্তাবে রেল অনুমোদন দেওয়ায় রেলের এমন পদক্ষেকে স্বাগত জানিয়েছেন নসিপুরবাসী।
অবশ্যই পড়ুন: উত্তুরে হাওয়া যেতে দেবে না শীতকে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঠান্ডা, আজকের আবহাওয়া
উল্লেখ্য, নসিপুরে এটাই যে প্রথম হল্ট স্টেশন তৈরি হচ্ছে এমনটা নয়। এর আগেও মুর্শিদাবাদ জেলার এই অঞ্চলটিতে ছিল নসিপুর রেলস্টেশন। তবে পরবর্তীতে একাধিক কারণে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনটিকে। যার কারণে ট্রেন ধরতে হয় মুর্শিদাবাদ স্টেশন অন্যথায় দূরবর্তী জংশনগুলিতে যেতে হচ্ছিল নসিপুর এবং নসিপুর সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের।