‘নাম বাদ গেলেই ব্যাঙ্কের টাকা ঢুকবে মোদী সরকারের ঝুলিতে!’ বিস্ফোরক অভিষেক

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে খুব বেশি সময় নেই, এই কিছুদিন পরেই রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে চলেছে। সেই কারণে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই গত রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে গিয়েছে। গতকালের পর আজ প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে বৈঠক শুরু করেছে কমিশন (Election Commission Of India)। আর এই পরিস্থিতিতেই SIR ইস্যুতে ধর্মতলার ধরনামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি তালিকা থেকে নাম বাদ দিয়েই নাকি গ্রাহকের ব্যাঙ্কের টাকা আত্মসাৎ করবে কেন্দ্র।

অ্যাকাউন্টের টাকা ফ্রিজ করবে মোদী সরকার?

গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি SIR এর প্রসঙ্গ তুলে বিজেপিকে টার্গেট করে দাবি করেন যে, ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের একটি বড়সড় ষড়যন্ত্র চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকায় নাম না থাকলে, এরপর ধনেপ্রাণে মারা যেতে পারেন সাধারণ মানুষ। কারণ এরপর ব্যাঙ্ক KYC চাইবে, তখন ভোটার কার্ড জমা দিতে বলবে। তখন তা করতে না-পারলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে ব্যাঙ্ক। আর অ্যাকাউন্টের টাকাও হবে গায়েব, আর সেই টাকা ঢুকবে মোদি সরকারের ঝুলিতে!”

বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “দফায় দফায় ভোটে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি। প্রথম দফায় হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় পা ভেঙেছিলাম, তৃতীয় দফায় কোমর… এ বার এক দফাতেই সাধারণ মানুষ রাজনৈতিকভাবে মাজা, কোমর আর শিরদাঁড়া সব ভেঙে দেবে।” এরপরই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান তিনি। গর্জে উঠে অভিষেক জানান, “আপনারা যত খুশি দফায় ভোট করুন, আমরা তার জবাব দেব। গতবার কোভিডের সময় আট দফায় ভোট করানো হয়েছিল। সেই সময় বহু মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল। এবার দেখি আপনারা কী করেন।”

আরও পড়ুন: ‘এই দিন পর্যন্ত সমাধান হলেও দিতে পারবেন ভোট’ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ধরনা মঞ্চে অভিষেক, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম করে বলেন, “ ম্যাপড কেসে, মানে ২০০১ সালের ভোটার তালিকায় পরিবারের কারও কারও নামে নাগরিকত্ব প্রতিষ্ঠা হয়, আপনি কোন অধিকারে ভোটাধিকার কাড়তে পারেন জবাব দিন। আমার একটাই প্রশ্ন, যাঁদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত, তাঁদের নাম কোন অধিকারে কাড়বেন, সেই জবাব দিন।’

Leave a Comment