বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজব নাটক বাংলাদেশের! নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ। ফলে প্রতিযোগিতা থেকেও বাদ পড়েছে তারা। এদিকে বাংলাদেশ শুটিং দলকে ভারতে খেলতে আসার অনুমতি দিয়ে দিয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Shooting Team)। বলাই বাহুল্য, আসন্ন 2 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই খেলার কথা ছিল বাংলাদেশের। সেই মতোই, ওপার বাংলার শুটারদের ভারতে এসে টুর্নামেন্ট খেলায় বাধা হয়ে দাঁড়াল না বাংলাদেশ সরকার। আর এখানেই প্রশ্ন ওঠে, তাহলে ক্রিকেটে ন্যাকামি কেন?
বিশ্বকাপ বয়কট করে কোন যুক্তিতে শুটার দল পাঠাচ্ছে বাংলাদেশ?
মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে ভারতের নিরাপত্তা নিয়ে বারবার বোঝানো হলেও বাংলাদেশ জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার থেকে বড় কিছু হতে পারে না। তাই বিশ্বকাপ খেলতে এদেশের দল পাঠাবে না তারা। ফলে পুরনো সিদ্ধান্তে অনড় থেকে সীমিত ওভারের বিশ্বকাপ থেকেই বাদ পড়েছে ওপার বাংলার টাইগাররা। আর সেই ঘটনার কিছু দিনের মধ্যেই এবার শুটার দলকে ভারতের খেলতে আসার ছাড়পত্র দিয়ে দিল বাংলাদেশ সরকার।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বাংলাদেশ শুটার দলের ভারতে আসার খবরের সত্যতা নিশ্চিত করে যুক্তি দেখিয়েছেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রিকেট এবং শুটিং দলের বিষয়গুলি সম্পূর্ণ আলাদা ভাবে দেখছে। বাংলাদেশের একজন ক্রীড়াবিদ এবং একজন কোচ ভারতে যাচ্ছেন। এছাড়াও প্রতিযোগিতাটি যেখানে হবে সেই স্থান যথেষ্ট নিরাপদ। দর্শকদের সংখ্যাও সীমিত। আয়োজক দেশ আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।” জানা গিয়েছে, বাংলাদেশ শুটিং স্পোর্টিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরদৌস আরা খানের সাথে কথা বলেই নাকি বাংলাদেশের শুটারদের ভারতে খেলতে আসার অনুমতি দিয়েছেন ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
অবশ্যই পড়ুন: ছাব্বিশের ভোটে JUP-র সাথে জোটে সিপিএম? সেলিমের সাথে হুমায়ুনের বৈঠক ঘিরে জল্পনা
উল্লেখ্য, প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভারতে খেলতে আসতে না করে দিয়েছিল বাংলাদেশ। ওপার বাংলার যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ছিল, “যে দেশ আমাদের প্লেয়ারকে বের করে দিয়েছে, সেখানে আমাদের দেশের খেলোয়াড়রা খেলতে যায় কী করে। আর যাই হোক তাদের নিরাপত্তা দেবে তো সে দেশেরই পুলিশ। প্লেয়ারদের নিরাপত্তা থেকে বড় কিছু হতে পারে না।” জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বারবার বুঝিয়েছিল, ভারতে ওপার বাংলার প্লেয়ারদের নিরাপত্তায় কোনও সমস্যা হবে না।কিন্তু তাতেও রাজি হয়নি BCB।