প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে বিতর্ক চরম আকার নিয়েছে, ঠিক সেই সময় শুনানিতে হয়রানির শিকার হয়ে জেলায় জেলায় বিক্ষোভ এবং ভাঙচুর শুরু করেছেন স্থানীয়রা। এমতাবস্থায় গতকাল কোচবিহারের দিনহাটায় ঘরে গেল এক ভয়ংকর ঘটনা। নোটিস বিলি করতে গিয়ে আচমকাই বিএলও-কে ধারালো অস্ত্রের কোপ (BLO Attacked) দিল এক ব্যক্তি ৷ গুরুতর জখম অবস্থায় BLO-কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে, দিনহাটা থানার অন্তর্গত সিতাই বিধানসভার BLO মনোয়ার হোসেন গিতালদহ এলাকায় শুনানির নোটিশ দিতে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। আচমকাই এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ বসিয়েই পালিয়ে যায়। এরপরেই তড়িঘড়ি তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চলছে তাঁর চিকিৎসা ৷ তবে বিপদের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কী বলছেন আক্রান্ত BLO?
আচমকা হামলা প্রসঙ্গে দিনহাটার আক্রান্ত বিএলও মনোয়ার হোসেন বলেন, “আমার বুথে ১৫০ টি নোটিশ এসেছিল। অধিকাংশ নোটিশ সার্ভ করা হয়ে গিয়েছে। কিন্তু মাত্র ৫টি নোটিশ পাঠানো বাকি ছিল, তাই সেগুলোই আমি গতকাল দিতে বেরিয়েছিলাম ভোটারদের বাড়িতে দিতে ৷ আর সেইসময় পরিকল্পনা করে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আমি এই ঘটনার যথাযথ তদন্তের দাবি করছি।” এই ঘটনা প্রসঙ্গে এসডিপিও ধীমান মিত্র বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
আরও পড়ুন: নারায়ণগড়ের TMC বিধায়ক সূর্যকান্ত অট্টকে দেখে চোর স্লোগান তৃণমূলেরই, পালালেন MLA
এর আগে, এক মহিলা বিএলও-কে মারধরের অভিযোগ উঠেছ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, কেন এসআইআরের শুনানিতে তাঁকে ডাকা হয়েছে? প্রশ্ন তুলে মত্ত অবস্থায় ওই ভোটার মহিলা বিএলও-কে হামলা করেন। এমনকি মারধরও করা হয়। শেষে স্থানীয়েরাই ওই মত্ত যুবকের হাত থেকে উদ্ধার করে BLO-কে। দিনের পর দিন এই SIR প্রক্রিয়া নিয়ে নানা চাপের মুখে পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসারদের। কখনও কখনও রাজনৈতিক দলগুলির শাসানিও শুনতে হচ্ছে। এমতাবস্থায় ফের প্রশাসনিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।