সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সাধারণ মানুষের সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই তালিকায় আরও এক গুরুত্বপূর্ণ প্রকল্প হল সামাজিক সুরক্ষা (West Bengal Social Security Scheme)। মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের তরফ থেকে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, দুর্ঘটনা বা ভবিষ্যতে সুরক্ষার জন্য একাধিক দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সামাজিক সুরক্ষা প্রকল্প কী?
বলে দিই, সামাজিক সুরক্ষা যোজনা মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করা একটি প্রকল্প। যারা নির্মাণ শ্রমিক, পরিবহন কর্মী। দৈনিক মজুর বা সেরকম কোনও পেশার সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের সুবিধা পায়। আর এই প্রকল্পের আওতায় শ্রমিক এবং তাদের পরিবারের পড়াশোনা, চিকিৎসা, প্রশিক্ষণ বা আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা করা হয়। এমনকি কাজ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
কারা এই প্রকল্পের সুবিধা পাবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স লাগবে ৬০ বছর।
- আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে।
- পরিবারের মাসিক আয় ৬৫ হাজার টাকার বেশি হলে এখানে আবেদন করা যাবে না।
কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পে একাধিক সুবিধা পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
১) সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য
এই প্রকল্পে সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য বার্ষিক আর্থিক সহযোগিতা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। একাদশ শ্রেণীতে পড়লে ৪০০০ টাকা, দ্বাদশ শ্রেণীতে ৫০০০ টাকা, আইটিআই কোর্স করলে ৬০০০ টাকা, স্নাতক স্তরে পড়লে ৬০০০ টাকা, স্নাতকোত্তর স্থলে পড়লে ১০,০০০ টাকা, পলিটেকনিকে ১০.০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে বছরে ৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মেলে।
২) চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা
এদিকে এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল চিকিৎসার সুবিধা। সাধারণ চিকিৎসার জন্য এখানে ২০,০০০ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়। বড় অপারেশন বা অস্ত্রোপচারের ক্ষেত্রে ৬০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয় এবং দুর্ঘটনায় আহত হলে বছরে ১০,০০০ টাকা কভার করা হয়।
৩) জীবন বা দুর্ঘটনা সুরক্ষা
এদিকে প্রাণহানি বা দুর্ঘটনার ক্ষেত্রেও এই প্রকল্পে মেলে একাধিক সুবিধা। জানা যাচ্ছে, স্বাভাবিকভাবে মৃত্যু হলে পরিবারকে ৬০,০০০ টাকা দেওয়া হয়, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে পরিবারকে ২,০০,০০০ টাকা দেওয়া হয় এবং দৃষ্টি শক্তি হারানো বা কর্মক্ষমতা হারালে ২,০০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন: লুকোচুরি শেষ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের, স্বর্ণ ব্যবসায়ী খুনে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
কীভাবে আবেদন করবেন?
সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে wblabour.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্ম নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে আবেদন করতে হয়। তবে অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোনও ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র অফলাইনের মাধ্যমে পূরণ করে জমা দিতে হয়।
তবে হ্যাঁ, আবেদন করার সময় অবশ্যই কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হয়। যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাঙ্ক পাসবুকের কপি, আয়ের শংসাপত্র, পরিবারের সদস্যদের নাম এবং পরিচয় পত্র।