পরীক্ষা চলাকালীন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ স্কুলে! অল্পের জন্য সুরক্ষিত শতাধিক পরীক্ষার্থী

Gas Cylinder Explosion In School

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলের ভিতর চলছে মাধ্যমিক পরীক্ষা, গার্ডে রয়েছে শিক্ষক শিক্ষিকা, বাইরে অপেক্ষায় রয়েছে পরীক্ষারদের অভিভাবকরা, এমন সময় স্কুলের মাঠের মধ্যে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। তীব্র বিকট শব্দে আচমকা ব্লাস্ট করল এক সিলিন্ডার (Gas Cylinder Explosion In School)। ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষকেরা।

পরীক্ষা কেন্দ্রে সিলিন্ডার ব্লাস্ট

স্থানীয় রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার নির্ধারিত সময়েই উত্তরবঙ্গের তুফানগঞ্জ এলাকায় নাককাটি গাছ উচ্চতর বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। সেই স্কুলে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুল মিলিয়ে মোট ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। এরই মাঝে পরীক্ষা চলাকালীন গার্ডে থাকা শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্যান্টিনে চা তৈরি করা হচ্ছিল। সেই সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সঙ্গে সঙ্গে দেরি না করে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত সেই জ্বলন্ত সিলিন্ডারটি টেনে বের করে স্কুলের বাইরে মাঠের মাঝখানে নিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করা হয়।

দমকল আসার আগেই বিস্ফোরণ

সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ সহ সকলে যখন আতঙ্কিত তখনই পুলিশরা আগুন নিয়ন্ত্রণের জন্য তুফানগঞ্জ দমকল কেন্দ্রে খবর দেয়। কিন্তু দমকল বাহিনী পৌঁছানোর আগেই ঘটে যায় বিপদ। ভয়ংকর বিকট শব্দে সিলিন্ডারটি হঠাৎ করেই ফেটে যায়। বিস্ফোরণে শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত পরীক্ষার্থীরা পরীক্ষা ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে। চিৎকার করে ওঠে অভিভাবকরা। যার ফলে বিঘ্ন ঘটে পরীক্ষার সময়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কারোর কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির

স্কুলের মধ্যে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তুফানগঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও কান্নেধারা মনোজ কুমার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, “পুলিশের দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা দিয়েছে।”

Leave a Comment