প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানি নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বেড়েই চলেছে। ঘণ্টার পর ঘন্টা শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণকে বিব্রত করার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিডিও অফিসে। আর এই আবহে আজ অর্থাৎ বুধবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ থেকে বিশেষ নির্দেশ এল। জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ (DGP Appointment in West Bengal) নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে।
বিশেষ বিজ্ঞপ্তি ক্যাটের
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মদিবসের শেষ দিন। তাই আগে আগেই আজ অর্থাৎ বুধবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল নির্দেশিকা দিল রাজ্য সরকারকে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট মোতাবেক ক্যাট নির্দেশ দিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ২৩ জানুয়ারির মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। এরপরেই ইউপিএসসিকে ২৮ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী প্যানেল প্রস্তুত করে আগামী ২৯ জানুয়ারির মধ্যে রাজ্যকে পাঠাতে হবে। সেই প্যানেল পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজ্যকে নিতে হবে।
পুনরায় পদ বদল রাজেশ কুমারের
গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নের তরফে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছিল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অফিসার ড. রাজেশ কুমারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। এতদিন তিনি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, তাঁকে এখন কারেকশনস অ্যাডমিনিস্ট্রেশন বা কারা দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বদলির ২৪ ঘণ্টার মধ্যে ফের বদল করা হল IPS অফিসার রাজেশ কুমারকে। বুধবার নবান্নের তরফে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ফের গণশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনা হয়েছে ১৯৯০ সালের ব্যাচের এই আইপিএস আধিকারিককে। আর এই আবহে রাজ্যকে পাঠানো ক্যাটের নির্দেশিকা বেশ ভাবিয়ে তুলেছে।
আরও পড়ুন: SIR-ধুন্ধুমার নিয়ে মমতাকে নিশানা কমিশনের, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা
প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী, ডিজি পদের জন্য রাজ্য সিনিয়র আইপিএস অফিসারদের একটি তালিকা UPSC-র কাছে পাঠায়। সেখান থেকে তিন জনের নামের একটি প্যানেল তৈরি হয়। সেই তিন জনের মধ্য থেকে রাজ্য সরকার একজনকে স্থায়ী ডিজি হিসেবে বেছে নেয়। এই প্রক্রিয়ায় ইউপিএসসি প্রতিনিধি, আধাসেনার ডিজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী ডিজির উপস্থিতিতে বৈঠক হয়। এবার দেখার পালা স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকার কাকে বেছে নেয়।