সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বিরাট ডিগবাজি খেল দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। একদিকে যখন সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন যে শীত (Winter) বিদায় নেওয়ার পথে, তখন আচমকাই ফের একবার স্বাভাবিকের থেকে বেশিই শীতল হয়ে উঠল আবহাওয়া। আজ শনিবার থেকে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা না থাকলেও শীতের হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না বঙ্গ। হাড়কাঁপানো শীত না হলেও শীতের আমেজ বজায় থাকবে সর্বত্র।
ফের বাংলায় ফিরে এল শীত
এখন প্রশ্ন উঠছে, আচমকা বাংলার এহেন আবহাওয়া বদলের কারণ কী? আসলে আগামী ৩ থেকে ৪ দিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কম থাকার কারণে শীতল উত্তর পশ্চিমা শুষ্ক বাতাসের প্রবাহ দেখা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শীতল হাওয়া সক্রিয় হওয়ার জন্য কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ যেমন ফের কলকাতার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই কমে গিয়েছে।
আরও পড়ুনঃ অবশেষে সরছে ধর্মতলা বাসস্ট্যান্ড, নতুন ঠিকানা জানেন?
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রির বেশি ওঠেনি, তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত জেলায় সকালের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে এক বুলেটিনে জানানো হয়েছে।
বিশেষ সতর্কতা জারি এই জেলাগুলিতে
জানা গেছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ প্রবেশ করেছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার কমবে। এছাড়াও, আগামী তিন দিনের মধ্যে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় তাপমাত্রা ধীরে ধীরে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মূলত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে।