পাকিস্তান T20 বিশ্বকাপ না খেললে এই দেশকে সুযোগ দিতে পারে ICC

ICC T20 World Cup 2026 Pakistan substitute cricket team update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) বাংলাদেশ যে খেলছে না তার একেবারে জলের মতো পরিষ্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানদের দলের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করেছে। ফলে, এখন বিশ্বকাপ নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। তবে হঠাৎ বন্ধু প্রীতি জেগে উঠেছে পাকিস্তানের। ভাই বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তারাও বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিচ্ছে! সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি পাক দলকে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ফলে প্রশ্ন ওঠে, পাকিস্তান বিশ্বকাপ না খেললে কোন দলকে বদলি হিসেবে নামাবে ICC?

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান?

মুস্তাফিজুর রহমান বিতর্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেনে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই খেলোয়াড়দের নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে জেদ ধরেছিল তারা। সেই মতোই, নিজেদের অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেও সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এর মাঝে পাকিস্তান অবশ্য গলা উঁচিয়ে বলেছিল বাংলাদেশ বিশ্বকাপ না খেললে তাঁরাও একই পথে হাঁটতে পারে! পরবর্তীতে পাক বোর্ডের তরফে নাকি পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয় আপাতত বিশ্বকাপের প্রস্তুতি পুরোপুরি বন্ধ রাখার।

শেষ পর্যন্ত, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় এবার পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, পাকিস্তানের হাবভাব যা তাতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলেও নিতে পারে তারা। তবে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে নিষেধাজ্ঞা ও একাধিক শাস্তির কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত নিতে হবে তাদের।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ বয়কট করলে শেষ হয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট! বড় শাস্তি দিতে পারে ICC

পাকিস্তান বিশ্বকাপ না খেললে বিকল্প কে?

2009 সালের স্মৃতি ফিরিয়ে এনে স্কটল্যান্ড দলকে বাংলাদেশের বিকল্প হিসেবে বিশ্বকাপে জায়গা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সবচেয়ে বড় কথা, এই দেশ বিশ্ব ক্রিকেট সংস্থার অ্যাসোসিয়েট সদস্য। ফলে অন্য কোনও দিকে না তাকিয়ে সরাসরি স্কটল্যান্ড দলকেই বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে জয় শাহের সংস্থা। এবার পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে সেক্ষেত্রে কাদের সুযোগ দেবে ICC? একাধিক রিপোর্ট মারফত খবর, পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ না খেলে তবে তাদের বিকল্প হিসেবে সীমিত ওভারের প্রতিযোগিতায় অংশ নিতে পারে উগান্ডা। শোনা যাচ্ছে, পাকিস্তানের বদলি হিসেবে ভারত, নামিবিয়া, আমেরিকা এবং নেদারল্যান্ডসের সাথে গ্রুপে এ তে জায়গা ভাগাভাগি করে নিতে পারে এই দলটি।

Leave a Comment