পিছিয়ে গেল রেলের ২২,০০০ গ্রুপ ডি আবেদনের দিনক্ষণ! দেখুন ডেডলাইন

RRB Group D Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে চাকরিপ্রার্থীদের জন্য রইল বড় খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের (RRB Group D Recruitment) যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে এবার সাময়িক পরিবর্তন আনা হয়েছে। প্রায় ২২ হাজার শূন্যপদে নিয়োগের আবেদনের শুরুর তারিখ এবার পিছিয়ে দেওয়া হল। আগে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হওয়ার তারিখ ছিল ২১ জানুয়ারি। তবে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ৩১ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ

আসলে এই নিয়োগে আধার কার্ড নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আবেদন করার সময় প্রার্থীদের প্রাথমিক তথ্য আধার কার্ডের সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে আরআরবি-র তরফ থেকে। জানানো হয়েছে, আধারে থাকা নাম বা জন্মতারিখ অবশ্যই মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটে থাকা তথ্যের সঙ্গে মিলতে হবে। এমনকি আধারের সর্বশেষ ছবি এবং বায়োমেট্রিক থাকা জরুরী। আর আধারের মাধ্যমে যাচাই না হলে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাইয়ের কারণে সময় বেশি লাগতে পারে।

কোন বিভাগে কত শূন্যপদ?

এদিকে রিপোর্ট অনুযায়ী, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বাধিক শূন্যপদ রয়েছে প্রায় ১২,৫০০টি। যার মধ্যে ১১,০০০ ট্র্যাক মেইন্টেনেন্স গ্রেড ৪ পদ রয়েছে। পাশাপাশি ট্রাফিক পয়েন্ট বিভাগে শূন্যপদ রয়েছে ৫০০০টি, সহকারি এসটি ক্যাটাগরি পদে রয়েছে ১৫০০টি শূন্যপদ। পাশাপাশি পূর্ব-মধ্য রেলওয়েতে ৯৯৩টি পদ এবং দক্ষিণ-পূর্ব রেলওয়েতে ১১৯৯টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া

এদিকে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর বয়স চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। আর প্রার্থীদের এখানে মোট চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে কম্পিউটার বেস টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। তবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষাতে মোট ৯০ মিনিট সময় থাকবে এবং ১০০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে গণিতে ২৫টি, সাধারণ বিজ্ঞানে ২৫টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এ ৩০টি এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ২০টি প্রশ্ন থাকবে। পাশাপাশি প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে তৃণমূল বিধায়কসহ বাকিদের ৫৭.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

তাই আবারও বলে রাখি, আরআরবি সূত্রে যেমনটা জানানো হয়েছে, এখানে ৩১ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। আর আবেদন করতে হবে www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই।

Leave a Comment