পুর নিয়োগ দুর্নীতিতে মামলায় নয়া মোড়! ইডি দফতরে হাজিরা সুজিত কন্যার

Municipal Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৫ শেষ হয়ে বাকি আর একটা মাস, তারপরেই শুরু ২০২৬। আর এদিকে বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই সাধারণ জনগণের আকর্ষণ বাড়াতে এখন থেকেই রাজনৈতিক দলগুলি উঠেপড়ে লেগেছে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও দুর্নীতি তদন্ত নিয়ে একে এক তল্লাশি চালাচ্ছে, আর সেই দুর্নীতির মধ্যে অন্যতম হল পুর নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Case)। এবার এই মামলায় ইডি-র নজরে উঠে এল দমকলমন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু।

ইডি দফতরে হাজিরা সুজিত কন্যার

পুর নিয়োগে অনিয়ম সংক্রান্ত তদন্তে গত কয়েক সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেক সেক্টর ওয়ানের দফতরেও তল্লাশি চালায় তদন্তকারী দল। তাছাড়া দমকলমন্ত্রীর পুত্রের একটি রেস্তরাঁ এবং গোলাহাটায় একটি ধাবাতেও তল্লাশি চালানো হয়। বেশ কিছু আর্থিক নথি ও লেনদেনের রেকর্ড উদ্ধার করা হয়েছিল যার সঙ্গে নাকি পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই গত সপ্তাহে এই সংক্রান্ত তথ্য জানার জন্য সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকে ইডি নোটিস পাঠিয়েছিল। এমতাবস্থায় আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন সুজিত বসুর মেয়ে মোহিনী বসু।

সুজিত জামাইকে নিয়েও জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল ইডি-র দফতরে। সেই নির্দেশমতো তিনি ইডি অফিসে হাজিরও হন। তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত আর্থিক কার্যক্রম সংক্রান্ত নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছিল। ইডির সূত্রের দাবি, তল্লাশিতে পাওয়া কয়েকটি নথি পর্যালোচনার পরে সুজিতের জামাইয়ের ভূমিকা এবং আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে বলেই তাঁকে জেরা করা হচ্ছে। এবার সেই দফতরে আইনজীবীকে সঙ্গে নিয়েই হাজিরা দেন মোহিনী বসু। তাঁর সঙ্গে বেশ কিছু নথিও ছিল বলে জানা গিয়েছে। প্রায় কয়েক ঘণ্টা হয়ে গিয়েছে এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলেই খবর।

আরও পড়ুন: বিরিয়ানি, মেডেল নিয়ে কাড়াকাড়ি! বীরভূমে ক্রিয়েটর মিট-আপে চরম বিশৃঙ্খলা, ক্ষুব্ধ ভুবন বাদ্যকর

জানা গিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর শুধু মেয়ে বা জামাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর স্ত্রী, পুত্রকেও তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহে তাঁরাও হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। অক্টোবরে দমকল মন্ত্রীর সুজিত বসুর পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও ইডি হানা দেওয়ায় শাসকদল বেশ অস্বস্তিতে পড়েছিল।

Leave a Comment