প্রতিবাদ করতেই চড়াও! গভীর রাতে ফের পাটুলিতে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ৪

Patuli

প্রীতি পোদ্দার, কলকাতা: খাস কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ! গভীর রাতে শ্লীলতাহানির শিকার এক তরুণী! ঘটনাটি ঘটেছে পাটুলিতে (Patuli)। অভিযোগ চার যুবক রাস্তায় নির্যাতিতার জামা ধরে ধাক্কাধাকি, অশ্লীল অঙ্গিভঙ্গি করছিল। আর এই অভিযোগ দায়ের হতেই পুলিশ রাতারাতি গ্রেপ্তার করে সেই চার অভিযুক্তকে। যার ফলে ফের প্রশ্নের মুখে পড়ল মেয়েদের সামাজিক নিরাপত্তা।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ বুধবার, গভীর রাতে দক্ষিণ কলকাতার পাটুলি মোড় এলাকায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। রাত প্রায় ১২ টা নাগাদ পাটুলির মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যুগল। সেই সময় চার যুবক তরুণীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গিভঙ্গি করেন বলে অভিযোগ। এবং প্রতিবাদ জানাতেই তরুণীর ওপর চড়াও হন অভিযুক্তরা। ওই অবস্থায় তরুণী চিৎকার করলে টহলরত পুলিশ ভ্যান এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে তরুণীকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর তরুণীকে কোনো রকমে সেই জায়গা থেকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার চার অভিযুক্ত

সূত্রের খবর, কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওই নির্যাতিতা তখনই পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা জানান, তাঁর গায়ে ওই চার অভিযুক্ত হাত দিয়েছিল এমনকী জামা ধরে টান দেওয়া থেকে শুরু করে ধাক্কাধাকি, অশ্লীল অঙ্গিভঙ্গিও করেছিল। আর এই অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ওই রাতেই তদন্ত শুরু করে এবং রাতারাতি গ্রেপ্তার করে চারজনকে। ধৃতদের নাম দেবাংশু দাস, পল্লবকুমার হালদার, শুভজিৎ মণ্ডল এবং সুমন দাস। তাঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: শিয়রে GST তরজা! এবার নির্মলার কটাক্ষের পর তালিকা ধরে হিসাব দিলেন অভিষেক

অভিযুক্ত ওই চারজন ধৃতদের আজ অর্থাৎ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। এই নারকীয় ঘটনার পিছনে আরও কতজন রয়েছে, তা জানার চেষ্টা চলছে। এর আগে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল পাটুলি এলাকায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটা গণধর্ষণের ঘটনা ঘটে যাওয়ায় সকলেই বেশ চিন্তিত।

Leave a Comment