বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন উচ্চতায় পৌঁছল ভারত এবং সংযুক্ত আরব অমিরশাহির সম্পর্ক। হঠাৎ দু’ঘণ্টার ঝটিকা সফরে নয়া দিল্লিতে পৌঁছন UAE র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ। তাঁর সংক্ষিপ্ত ভারত সফরেই দু’দেশের মধ্যে জ্বালানি থেকে শুরু করে পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য এছাড়াও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়ে বড় সিদ্ধান্ত হয়েছে (India-UAE Deal)। ভারত-আমিরশাহি সম্পর্ককে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বৈঠকে কথা হয় দুই দেশের প্রধানের।
জ্বালানি নিয়ে বড় চুক্তি ভারত এবং UAE-র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং UAE প্রেসিডেন্টের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছিল জ্বালানি নিরাপত্তা। HPCL এবং ADNOC Gas এর মধ্যে দীর্ঘ 10 বছরের জন্য 3 বিলিয়ন ডলারের LNG সরবরাহ চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে দুই দেশ। বিশেষ চুক্তির অধীনে, 2028 সাল থেকে ভারত প্রত্যেক বছর 0.5 মিলিয়ন টন LNG পাবে। বিশ্লেষক মহলের দাবি, এই বিশেষ চুক্তির অধীনে ভারত আমিরশাহী থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া মানেই ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা স্থিতিশীল হবে এবং LNG সরবরাহকারী হিসেবে ভারতের অন্যতম বড় অংশীদার হয়ে উঠবে UAE।
পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্র
জ্বালানি নিরাপত্তার পাশাপাশি ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী প্রথমবারের মতো বেসামরিক পারমাণবিক শক্তিতে যৌথ উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে, পারমাণবিক চুল্লি তৈরি থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে দুই দেশই একে অপরকে সহযোগিতা করবে। পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের অত্যাধিক আগ্রহের পাশাপাশি ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলতে একটি চুক্তিপত্রে সই করেছে। অনেকেরই মত, প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেলে আগামী দিনে দু পক্ষই সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে।
আর যে বিষয়গুলিতে এক হল ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি
জ্বালানি থেকে শুরু করে পারমাণবিক শক্তি এমনকি প্রতিরক্ষার পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতে একটি সুপারকম্পিউটিং ক্লাসটার তৈরি হবে। এদিকে UAE ডেটা সেন্টারে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। সেই সাথে 2026 এ ভারতে AI Impact Summit আয়োজনের পক্ষে সমর্থন জানিয়েছেন UAE প্রেসিডেন্ট। সেই সাথে ডিজিটাল এমব্যাসি নির্মাণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
It was a great pleasure to host my brother, His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan, at 7, Lok Kalyan Marg. I am deeply touched by his gesture of visiting Delhi this evening. We discussed a wide range of issues aimed at further strengthening the multifaceted India-UAE… pic.twitter.com/yzXAt7Mx43
— Narendra Modi (@narendramodi) January 19, 2026
অবশ্যই পড়ুন: নেই নিজের বাড়ি, মাথায় ৫৬ লাখের ঋণ, কত সম্পত্তির মালিক নিতিন নবীন?
এছাড়াও সন্ত্রাসবাদ দমনে ভারত এবং UAE কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত সন্ত্রাস থেকে শুরু করে সব ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারতের সাথেই সন্ত্রাস দমনে পা বাড়িয়েছে UAE সরকার। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় অর্থাৎ পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনা সহ ভারতের BRICS সভাপতিত্বকে সমর্থনসহ একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি মহাকাশ এবং খাদ্য ও মানবিক সংযোগ নিয়ে বড় সিদ্ধান্ত হয়েছে ভারত এবং UAE র দুই প্রধানের মধ্যে। ভারতের তরফে জানানো হয়েছে আবুধাবিতে খুব শীঘ্রই তৈরি হবে হাউস অফ ইন্ডিয়া। সেই সাথে উপগ্রহ তৈরি থেকে লঞ্চিং সবক্ষেত্রেই যৌথ উদ্যোগ বাড়বে বলেই সিদ্ধান্তে এসেছে দুই দেশ।