সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে কর্মসংস্থানের লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। শনিবার অনুষ্ঠিত ১৮ তম রোজগার মেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর এবং সংস্থায় নিযুক্ত হওয়া মোট ৬১ হাজার যুবকের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আজকের দিনটি শুধুমাত্র চাকরি পাওয়ার দিন নয়, বরং জাতিসংগঠনের যাত্রার নতুন অধ্যায়ের সূচনা। এমনকি তাঁর কথায়, এই নিয়োগপত্র বিকশিত ভারত গড়ার সংকল্প।
কী বললেন প্রধানমন্ত্রী?
নবনিযুক্ত তরুণদের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ৬১ হাজারের বেশি যুবক যুবতী জীবনের নতুন অধ্যায় শুরু করছে। এই নিয়োগপত্র শুধুমাত্র সরকারি চাকরির কাগজ নয়, বরং দেশ গঠনের আমন্ত্রণ আর বিকশিত ভারত গড়ার অঙ্গীকার। তিনি আরও জানিয়েছেন, দেশের যুবসমাজকে সামনে রেখে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সংস্কার এবং সুযোগ তৈরি করে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, এদিন বিনিয়োগ করা নিয়োগপত্রের মধ্যে প্রায় ৪৯,২০০টি স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিভিন্ন অসামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। আর বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, নিরাপত্তা বাহিনীতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। মোদী বলেন, সীমান্তে শূন্যরেখায় বিএসএফের মহিলা জওয়ান মোতায়েন রয়েছে। এমনকি প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে প্রথমবার সম্পূর্ণ মহিলা নেতৃত্বাধীন সিআরপিএফ কন্টিনেন্ট, এবং মহিলা কনস্টেবল নিয়োগে একাধিক সহায়ক নীতি কার্যকর হয়েছে। আর এই পরিবর্তন সম্ভব হয়েছে গত ১১ বছরে নেওয়া একাধিক সিদ্ধান্তের জেরেই
প্রধানমন্ত্রী আরও জানান, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম তরুণ দেশ। সেই কারণে যুব সমাজের জন্য দেশ এবং বিদেশ উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সরকারের মূল লক্ষ্য। তিনি বলেছেন, একাধিক দেশের সঙ্গে ট্রেড এবং মবিলিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আধুনিক পরিকাঠামো নির্মাণে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছে। নির্মাণ থেকে শুরু করে পরিবহন, পরিষেবা সব ক্ষেত্রেই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর এই সমস্ত উদ্যোগের ফলে আগামী দিন চাকরিতে সুযোগ আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: নতুন স্মার্টফোন ব্র্যান্ড বানাবে ভারত, লঞ্চের সময়ও জানালেন অশ্বিনী বৈষ্ণব
দেশজুড়ে ৪৫টি কেন্দ্রে রোজগার মেলা
এদিকে রোজগার মেলা দেশের ৪৫টি আলাদা আলাদা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত প্রার্থীরা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আর্থিক পরিষেবা বা উচ্চ শিক্ষা, একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এবার যোগ দিতে চলেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে রোজগার মেলা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর এখনও পর্যন্ত এই মেলার মাধ্যমে ১১ লক্ষের বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।