প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন ‘কালীঘাটের কাকু’! দ্বিতীয়বার প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra Gets Bail)। জানা গিয়েছে, আজ, শুক্রবার। সিবিআইয়ের গ্রেফতারিতে ‘কালীঘাটের কাকু’-র জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে এই জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে।
জামিন পেলেন কালীঘাটের কাকু
রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন। এর আগে ইডির গ্রেফতারিতে সুজয়কৃষ্ণকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। এবারে সিবিআই গ্রেফতারিতেও শর্তসাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু। হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। এছাড়া জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।
একাধিক শর্ত আরোপ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করতে পারবেন না সুজয়কৃষ্ণ ভদ্র। এক্ষেত্রে যদি আদালতের এই সব শর্ত না মানে সুজয়কৃষ্ণ তাহলে জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত। এইমুহুর্তে গত দশ মাস ধরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত গৃহবন্দি হয়ে বেহালার বাড়িতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ‘বহিরাগত’ কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না তাঁকে। যদিও স্থায়ী জামিনে মুক্তি পেতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তাঁর জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। এবার সেই সিবিআই মামলাতেও শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হল।
আরও পড়ুন: ঘুষ ও কাটমানির টাকা স্ত্রীর অ্যাকাউন্টে! আখতার আলির বিরুদ্ধে বিস্ফোরক CBI
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রথমে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। সৃজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালেও কেটেছে তাঁর। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পান সুজয়কৃষ্ণ। শর্তে বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না তিনি। এছাড়া সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট।