সহেলি মিত্র, কলকাতাঃ সরস্বতী পুজোর দিনই সকলকে চমকে দিয়ে বদলে গেল বাংলার আবহাওয়া। তাপমাত্রা উর্ধ্বমুখী হওয়ার বদলে তাপমাত্রা কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আগে পূর্বাভাস ছিল এবারের সরস্বতী পুজো উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে কাটবে। কিন্তু এ যে উল্টে ঠান্ডা। প্রশ্ন উঠছে, তবে কি এতদিন ধরে ‘নিখোঁজ’ থাকার পর শীত কামব্যাক করল বাংলায়? কতদিন থাকবে দক্ষিণবঙ্গের এরকম আবহাওয়া (South Bengal Weather)? চলুন জেনে নেবেন।
সরস্বতী পুজোয় কমল বাংলার তাপমাত্রা
বর্তমানে দেশে বিরাজ করছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, দুটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। নতুন করে তৃতীয় পশ্চিমী ঝঞ্ঝা ২৬ জানুয়ারি ঢুকবে জম্মু-কাশ্মীরে। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। শুধু তাই নয়, মধ্য পাকিস্তানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশনের থেকে। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। আজ তাপমাত্রা বেশি থাকবে বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু হল উল্টোটা। আজ শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে আজকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে এক ডিগ্রিরও বেশি নামল পারদ।
আরও পড়ুনঃ রোহিত শর্মার নামের আগে বসতে চলেছে ‘ডক্টর’ উপাধি, বিরাট ঘোষণা
অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে। এদিকে শুক্র ও শনিবার থেকে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে খবর। ফের রবি ও সোমবারে সেই তাপমাত্রা আবার বাড়বে। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ বিরাজ করছে, আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ব্যাপকভাবে ওঠানামা করছে। পাহাড়ি এলাকায় যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অপরদিকে সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।