সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে একগুচ্ছ উপহার রেলের (Indian Railways)। একাধিক নতুন হল্ট স্টেশন তৈরি করার পাশাপাশি, লেভেল ক্রসিং তুলে দিয়ে রোড ওভারব্রিজ নির্মাণের ব্যাপারেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। প্রকল্প বাস্তবায়ন করতে খরচ হবে আনুমানিক ১৭৬.৯৯ কোটি টাকা।
দীঘা, পুরুলিয়া সহ একগুচ্ছ জায়গায় হল্ট স্টেশনের ঘোষণা
ভোটের আগে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একের পর এই চমক দিয়ে চলেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন, একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে রেল লাইন সম্প্রসারণের কাজ। আধুনিকীকরণ করা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন। এরই মধ্য আরো নতুন কিছু ঘোষণা করল মন্ত্রক। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন হল্ট স্টেশন গড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দিঘা, আদ্রা, জঙ্গলপাড়া, চণ্ডীপুর, সিধি জামরা, নসিপুর সহ সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে হল্ট স্টেশন তৈরি করা হবে। যার ফলে আগামী দিনে উপকৃত হতে চলেছেন উক্ত অঞ্চলগুলোর স্থানীয় বাসিন্দারা।
উপকৃত হবেন বহু মানুষ
তালপুর এবং টাকিরুক হল্টের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা যাতে আরো সহজ হয়, সে জন্য হাওড়া-গোঘাট শাখার জঙ্গলপাড়ায়, যা আগে পরিচিত ছিল রসুলপুর নামে, সেখানে হল্ট স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের পাঁশকুড়া-দিঘা লাইনের কালিকাখালি এবং লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মধ্যে চণ্ডীপুর হল্ট স্টেশন তৈরি করার ব্যাপারেও মিলেছে রেলের ছাড়পত্র। আদ্রা ডিভিশনের পুরুলিয়া-গৌরীনাথধাম শাখায় সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে হল্ট স্টেশন তৈরি করা হবে বলে জানিয়েছে রেল। এর ফলে সাধারণ কর্মজীবী মানুষদের পাশাপাশি উপকৃত হবেন পড়ুয়ারা।
অবশ্যই পড়ুন: ১০০, ৫০০ টাকার নোট বদলে ফেলল RBI! পুরনো নোট আর চলবে না?
আদ্রা ডিভিশনের রাধাগাঁও এবং পুনদাগ স্টেশনের মধ্যে সিধি জামরা হল্ট স্টেশন নির্মাণ করার ব্যাপারেও সায় দিয়েছে রেল। অনুমোদন দেওয়া হয়েছে মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মধ্যে নসিপুর হল্ট স্টেশন তৈরি করার ব্যাপারেও। এই হল্ট স্টেশনটি তৈরি হলে সবথেকে বেশি উপকৃত হবেন নসিপুরের মানুষ। কারণ, ট্রেন ধরার জন্য এখন তাঁদের যেতে হয় মুর্শিদাবাদ জংশনে।
এই হল্ট স্টেশন সংক্রান্ত ঘোষণার পাশাপাশি রোড ওভারব্রিজ তৈরি করার কথাও জানানো হয়েছে। মালাদাহ হল্ট এবং সামসির মধ্যে ১০১ নম্বর লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে তৈরি করা হবে ওভারব্রিজ। এই ওভার ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকবে উত্তর পূর্ব সীমান্ত রেল।