বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার বিকেলটা সুসংবাদ দিয়ে শুরু হলেও দিনের শেষটা হচ্ছে খারাপ খবর দিয়েই। হ্যাঁ, নতুন পেসারের নাম ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পুরোপুরি ছিটকে গেলেন নাইট তারকা তথা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হর্ষিত রানা (Harshit Rana)। জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর এখনও মাঠে ফেরার জন্য প্রস্তুত নন তিনি। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার IPL থেকেও ছিটকে গেলেন এই তারকা পেসার।
বড় ধাক্কা খেল KKR
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবি মুম্বইতে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল ভারত। সেখানেই টিম ইন্ডিয়ার হয়ে আক্রমণ শানাতে গিয়ে জোরালো চোট পান ভারতীয় তারকা। যার জেরে কোনও মতে নিজের ওভার শেষ করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরবর্তীতে অস্ত্রোপচার হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ পড়েন এই ভারতীয় ক্রিকেটার। রানার বিকল্প হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে জায়গা পান মহম্মদ সিরাজ।
মাঝে শোনা গিয়েছিল, বাড়িতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রানা। তবে গম্ভীরের প্রিয় পাত্র কলকাতার হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠ দখল করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে ছিলেন নাইট ভক্তদের অনেকেই। পরবর্তীতে শোনা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিকে না থাকলেও পরে কলকাতাকে সঙ্গ দেবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার।
কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, মাঠে ফেরার জন্য এখনও শারীরিক এবং মানসিক দিক থেকে তৈরি হয়ে উঠতে পারেননি রানা। যার কারণে কলকাতার হয়ে এ বছর খেলা হচ্ছে না তাঁর। এমতাবস্থায়, হর্ষিতের মতো একজন গুনি প্লেয়ারের না থাকা IPL এ কলকাতা নাইট রাইডার্সকে বড় ধাক্কা দেবে সেটা বলাই যায়। এখন দেখার, রানার বদলি হিসেবে কাকে দলে নেয় KKR!
অবশ্যই পড়ুন: মিটবে মুস্তাফিজুরের অভাব! IPL শুরুর আগেই ভয়ঙ্কর পেসারকে কিনে নিল KKR
না খেললেও 4 কোটি টাকা পাবেন রানা
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারতীয় তারকা হর্ষিত রানাকে 4 কোটি টাকা দিয়ে রিটেন করিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এ বছর তিনি কলকাতার হয়ে মাঠে নামতে না পারলেও চুক্তির পুরো টাকা পাবেন। ভারতীয় তারকাকে এই অর্থ দেবে BCCI। বলাই বাহুল্য, 2011 সালে কার্যকর হওয়া, ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি বা নিয়ম অনুযায়ী IPL শুরুর আগে যদি কোনও ক্রিকেটার আহত হন এবং গোটা সিজন থেকে ছিটকে যান তবুও তিনি চুক্তির মোট বেতন পাবেন। সেই সূত্রেই রানাও না খেলেই 4 কোটি টাকা পেয়ে যাবেন।