ফের ব্যাট হাতে মাঠে ফিরছেন সৌরভ গাঙ্গুলি, কোথায় গড়াবে ম্যাচ?

Sourav Ganguly To Play In a Upcoming Cricket Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু বছর হল। তবে খেলার সাথে আত্মার সম্পর্কটা আজও অটুট। সেই সৌরভ গাঙ্গুলিই (Sourav Ganguly) এবার ব্যাট হাতে 22 গজে ফিরছেন। জানা গিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে CAB সভাপতি একাদশ বনাম CAB একাদশের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই ম্যাচেই উপস্থিত থাকবেন খোদ সৌরভ। কিন্তু কোথায় হবে এই ম্যাচ? কবেই বা ব্যাট হাতে মাঠে নামছেন দাদা?

কোথায় খেলতে নামবেন সৌরভ?

জানা গিয়েছে, আগামী 1 ফেব্রুয়ারি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে CAB সভাপতি বনাম CAB একাদশের ক্রিকেট ম্যাচ। সূত্রের খবর, এই ম্যাচের পর আগামী 3 ফেব্রুয়ারি ফ্যাঙ্ক ওরেল ডে এর রক্তদান শিবির আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। সেখানেই যাঁরা রক্ত দেবেন তাদের হাতে তুলে দেওয়া হবে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সই করা শংসাপত্র। এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পারেন খোদ দাদা সৌরভ গাঙ্গুলিও।

বলাই বাহুল্য, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মসনদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসেছিলেন সৌরভ। আর দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলায় ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন মহারাজ। যদিও বিগত দিনগুলিতে অনূর্ধ্ব 15 ক্রিকেটকে রাজ্যজুড়ে আয়োজন করতে গিয়ে বারবার বিতর্কের মুখে পড়েছে CAB। কখনও কোনও রাজ্যে বয়স বাড়ানোর অভিযোগ উঠেছে, কোথাও অভিযোগ উঠেছে প্রতিযোগিতার প্রথম পর্ব আয়োজনে মানা হয়নি নিয়ম-কানুন। এসব নিয়ে বর্তমানে চলতে হচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে।

অবশ্যই পড়ুন: বয়কট না ছাই! বিশ্বকাপ খেলতে কলম্বোর টিকিট কেটেও ফেলেছে পাকিস্তান

উল্লেখ্য, ক্রিকেটার, প্রশাসকের পর প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সৌরভ। কোচের পদে অভিষেক হতেই প্রিটোরিয়া ক্যাপিটালাসকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে তুলেছিলেন দাদা। যে দলটা প্রথমদিকে 5 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছিল তারাই একটানা জয় দিয়ে মহামঞ্চে জায়গা করে নিয়েছিল শুধুমাত্র মহারাজের হাত ধরে। আশা ছিল হয়তো এবারের মতো চ্যাম্পিয়ন হবে প্রিটোরিয়াই। তবে তীরে এসে তরী ডোবায় হতাশ হতে হয়েছে সৌরভকে।

Leave a Comment