বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার বাংলার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেট পেশ হতেই রাজ্যবাসীর জন্য ঢালাও উপহারের কথা ঘোষণা করলো সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কার্যত মেরুদন্ড তথা অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ভাতার অঙ্ক এক ধাক্কায় 500 টাকা করে বাড়ানো হয়েছে। তবে ভাতার পাশাপাশি রাজ্যে সরকারি কর্মীদেরও খুশির খবর শোনালো, মমতা সরকার (West Bengal DA Hike)। প্রত্যাশা মতোই 4 শতাংশ হারে DA বা মহার্ঘ ভাতা বাড়ল তাঁদের।
রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে 18 শতাংশ DA পাবেন
বিগত বছরগুলিতে বারবার রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে DA বা মহার্ঘ ভাতার দেওয়ার দাবি জানিয়ে এসেছিলেন বাংলা সরকারি কর্মচারী। তবে বাংলার কোষাগারের যা অবস্থা তাতে সেই দাবিতে সিলমোহর পড়বে না সে কথা বুঝে গিয়েছিলেন অনেকেই। তবে আশা ছিল সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে হয়তো 2 শতাংশ হলেও বাড়তে পারে মহার্ঘ ভাতা। বৃহস্পতিবার বাজেট পেশ হতেই সেই প্রত্যাশার থেকেও বেশি অর্থাৎ এক ধাক্কায় রাজ্যের সরকারি কর্মীদের 4 শতাংশ হারে DA বৃদ্ধি ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা।
রাজ্য সরকারের তরফে বিধানসভা ভোটের আগে সরকারি কর্মীদের 4 শতাংশ DA বৃদ্ধির পর তাদের মোট DA দাঁড়াল 18 শতাংশে। এক কথায় এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মী 18 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্যের ঘোষণা অনুযায়ী নতুন হার লাগু হবে আগামী 1 এপ্রিল থেকেই। যে মহার্ঘ ভাতা নিয়ে এত আন্দোলন, এত বিক্ষোভ সেই DA 4 শতাংশ বাড়ায় কিছুটা হলেও খুশি রাজ্যের সরকারি কর্মীরা।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপের আগেই চিন্তায় ভারত! চোট পেলেন টিম ইন্ডিয়ার ‘ম্যাজিক ম্যান’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্য বাজেটের আগেই পশ্চিমবঙ্গ DA মামলায় বড় রায় দেয় দেশের শীর্ষ আদালত। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা যে বকেয়া DA নিয়ে আন্দোলন করে এসেছিলেন আজ তা নিয়ে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে জানিয়ে দেয়, বকেয়া DA র 100 শতাংশই দিতে হবে রাজ্যকে। এরমধ্যে 25 শতাংশ DA এখনই দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বাকি 75 শতাংশের প্রথম কিস্তি 31 মার্চের মধ্যেই মেটাতে হবে মমতা সরকারকে।