বছরে ১৩ বার রিচার্জের দিন শেষ! ২৮-র বদলে ৩০ দিনের প্ল্যান চালু করবে Jio, Airtel?

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে মোবাইল রিচার্জ (Mobile Recharge) করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। কারণ, দিনের পর দিন রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াচ্ছে টেলিকম অপারেটরগুলি। আর সবথেকে বড় ব্যাপার, বর্তমানে কোম্পানিগুলি ২৮ দিনের মেয়াদসহ প্ল্যান অফার করে, যেগুলোকে আবার মাসিক প্ল্যান বলা হচ্ছে। কিন্তু মাসিক প্ল্যান হলে তো ৩০ দিন হওয়ার কথা। ২৮ দিন কেন? এ নিয়েই লোকসভায় রাঘব চাড্ডা (Raghav Chadha) সহ একাধিক সাংসদ দাবি তুলেছেন। তাঁদের দাবি, ২৮ দিনের প্ল্যান ব্যবহারকারীদের বছরে ১২ বারের পরিবর্তে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করে, যা খরচ বাড়িয়ে দেয়। তাহলে কি এবার ৩০ দিনের প্ল্যান আনবে টেলিকম অপারেটরগুলি?

TRAI-র নিয়ম কী বলছে?

আপনাদের জানিয়ে রাখি, TRAI ২০২২ সালে একটি ট্যারিফ নিয়ম জারি করেছিল। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রতিটি টেলিকম অপারেটরকেই প্রিপেইড প্ল্যানের প্রতিটি বিভাগে অন্তত একটি ৩০ দিনের প্ল্যান রাখতেই হবে। এর উদ্দেশ্য হল, ব্যবহারকারীদের ২৮ দিনের প্ল্যানের পাশাপাশি একটি মাসিক বিকল্প দেওয়া, যাতে তারা ঘনঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পায় এবং বছরে ১৩ বার রিচার্জ না করতে হয়।

আসলে এটা তো ঠিকই, ২৮ দিনের প্ল্যানে প্রতি মাসেই ২ থেকে ৩ দিন কম পড়ে। তাই যদি বছরের মোট ৩৬৫ দিন হিসাব করা হয়, তাহলে ব্যবহারকারীদের ১৩ বারই রিচার্জ করতে হয়। আর এই পদ্ধতিগুলি কোম্পানিগুলোর পক্ষে সুবিধাজনক হলেও ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ব্যয়বহুল এবং পকেট থেকে অনেকটাই বাড়তি টাকা খরচ করা লাগে। সেই কারণেই টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিনের প্ল্যান চালু করার দাবি উঠেছে সংসদে। এমনকি রাঘব চাড্ডা এও বলেছেন যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। সেখানে প্রতিটি সংস্থাকেই তাদের প্ল্যানে অন্তত একটি ৩০ দিনের বিকল্প অন্তর্ভুক্ত রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: ধর্ম বদলালে তিনি আর তফসিলি নন, বড় রায় সুপ্রিম কোর্টের

তিনি আরও দাবি করেন, অনেক প্ল্যানে যদি দৈনিক ডেটা লিমিট পুরোপুরি ব্যবহার না করা হয়, তাহলে মধ্যরাতের পরেই সেই ডেটা শেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনি প্রতিদিন ২ জিবি করে ডেটা পান এবং মাত্র ১ জিবি ডেটা ব্যবহার করেন, তাহলে বাকি ১ জিবি ডেটা নষ্ট হয়ে যায়। এটা ব্যবহারকারীর ক্ষতি। কারণ, তিনি ওই ডেটার জন্য সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন। তাঁর ওই ডেটা ফেরত পাওয়া উচিত। তাঁর স্পষ্ট দাবি, ২৮ দিনের প্ল্যান বাতিল করা উচিত এবং মাসিক প্ল্যানের পরিবর্তে ৩০ দিন বা ১ মাস মেয়াদের প্ল্যান চালু করা উচিত এবং মেয়াদ শেষ হওয়ার পরে অন্তত এক বছর পর্যন্ত ইনকামিং কল বা মেসেজ চালু রাখা উচিত, যাতে সাধারণ গ্রাহকরা টেলিকম পরিষেবা নিতে পারে। এতে বিশেষ করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষরাই উপকৃত হবে।

Leave a Comment