বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দুর্দান্ত হলেও মাঝে এসে হোঁচট খেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যদিও গত ম্যাচে মহামেডান স্পোর্টিংকে 7-0 করলেও বড় দল গুলির সামনে ধাক্কা খেতে হচ্ছে লাল হলুদকে। আগামী 11 এপ্রিল, শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামবেন ইস্টবেঙ্গলের ছেলেরা। তার আগে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে দলে ফিরছেন ঠিকই তবে চিন্তা বাড়িয়েছে দাপুটে ফুটবলার মহম্মদ রশিদের চোট। জানা যাচ্ছে, জোরালো চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যাচ্ছেন এই প্লেয়ার।
কীভাবে চোট পেলেন রশিদ?
গত শনিবার অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল। সেখানেই শৌভিক চক্রবর্তীর একটি ট্যাকেল সামলাতে গিয়ে গোড়ালিতে জোরালো চোট পান মিডফিল্ডার রশিদ। আর তারপরেই যন্ত্রণা বাড়তে থাকে প্যালেস্টাইন ফুটবলের শরীরে। তড়িঘড়ি মাঠে ছুটে আসেন ফিজিও এবং মেডিকেল স্টাফরা। বেশ কিছুক্ষণ সেখানে শুশ্রুষা পর্ব চললেও পরবর্তীতে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গল ফুটবলারকে।
জানা গিয়েছে, রশিদের চোটের প্রকৃতি জানতে MRI করা হয়েছিল। আর তারপরেই ধরা পড়ে খেলোয়াড়ের চোট বেশ গুরুতর। যার কারণে আপাতত তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে এই প্লেয়ার। ফলে বোঝাই যাচ্ছে এখনই ইস্টবেঙ্গলকে সঙ্গ দিতে পারবেন না তিনি। তবে কয়েকটি সূত্র বলছে, ইন্ডিয়ান সুপার লিগের শেষের দিকে হলেও হয়তো মাঠে ফিরতে পারেন এই খেলোয়াড়। তাতে অবশ্য বিশেষ কিছু লাভ হবে না লাল হলুদের।
কেভিন সিবিলে দলে ফিরছে জেনে যতটা খুশি হয়েছিল, মহম্মদ রশিদ চোট পেয়ে ছিটকে যাচ্ছেন জানতে পেরে ততটাই দুঃখ পেয়েছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো। আসলে লাল হলুদ বর্তমানে এমন পর্যায়ে দাঁড়িয়ে যেখানে কঠিন দল নিয়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে তাদের। আর যাই হোক গত বছরগুলির মতো এবার অন্তত তালিকার শেষের দিকে থাকতে চায় না ইস্টবেঙ্গল। ঠিক সেই পর্বে মিডফিল্ডার রশিদকে না পাওয়া লালু হলুদের জন্য বড় ধাক্কা বলাই যায়। যদিও কয়েকটি সূত্র বলছে, জিকসন সিংকে ডিফেন্স থেকে তুলে মিডফিল্ডে ব্যবহার করা হতে পারে।
অবশ্যই পড়ুন: রাহুলের মৃত্যুতে এফআইআর স্ত্রী প্রিয়াঙ্কার, লীনা-শৈবালের সাথে তালিকায় আরও নাম
উল্লেখ্য, হংকং ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে কুঁচকিতে টান লাগে আনোয়ার আলির। সেই চোট কাটিয়ে উঠতে আর কিছুটা সময় লাগবে খেলোয়াড়ের। শুক্রবার তাঁর MRI হয়েছে। তবে এখনও রিপোর্ট মেলেনি। ইস্টবেঙ্গলের কয়েকটি সূত্র বলছে, আপাতত এই খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছে। MRI রিপোর্ট দেখে ঠিক করা হবে তিনি চেন্নাইয়িন এফসির ম্যাচে খেলবেন কিনা।