বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর শুরু হতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। ইরানে যেকোনও সময় হামলা চালাতে পারে আমেরিকা। ঠিক সেই আবহে, উত্তপ্ত ভারতের দুই পড়শির সম্পর্ক। পরিস্থিতি যা, তাতে বড়সড় সংঘাতে জড়াতে পারে বাংলাদেশ এবং মায়ানমার (Bangladesh-Myanmar Conflict)। মায়ানমারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে মায়ানমারের বিরোধীগোষ্ঠীগুলি। বিভিন্ন মায়ানমার বিরোধী গোষ্ঠী নাকি বাংলাদেশের জমি ব্যবহার করে সে দেশের সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। আর এই সুযোগ করে দিচ্ছে খোদ ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার! এমন বক্তব্যে এবার বাংলাদেশের উপর রেগে লাল মায়ানমার।
ড্রোন হামলা থেকেই সম্পর্কের অবনতি
কিছুদিন আগেই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং কয়েক সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী একত্রিত হয়ে বাংলাদেশে মায়ানমার সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে মায়ানমার সেনাবাহিনীর উপর ড্রোন হামলা চালিয়েছিল। আর তারপর থেকেই মায়ানমারের জান্তা সরকার অভিযোগ করে এসেছে, বাংলাদেশের মাটি ব্যবহার করে মায়ানমারের উপর জোরালো হামলা হচ্ছে। এই ঘটনা একেবারেই বরদাস্ত করা যাবে না।
মায়ানমার সরকারের তরফে নাকি এও বলা হয়েছে, বাংলাদেশের জমি ব্যবহার করে বিরোধী গোষ্ঠীর ড্রোন হামলায় ইতিমধ্যেই কয়েকজন মায়ানমার সেনা জাওয়ানের মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, জান্তা সরকার নেপিদোর বাংলাদেশ কমিশনকে তলব করেছে। সূত্রের খবর, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে মায়ানমারে হামলা চালানোর ঘটনায় ইতিমধ্যেই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে মায়ানমার সরকার।
অবশ্যই পড়ুন: জমা পড়ল ১৬ লাখ আবেদন, SSC-র গ্রুপ C, D-র পরীক্ষা হবে মার্চেই! প্রকাশ্যে তারিখ
বাংলাদেশে হামলা চালাতে পারে মায়ানমার?
একাধিক সূত্রের দাবি, মায়ানমারের তরফে মহম্মদ ইউনূস সরকারের সাথে যোগাযোগ করে অনুরোধ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যাতে মায়ানমারে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। মায়ানমারের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে নাকি ঢাকার তরফে কোনও সদুত্তর মেলেনি। তাতেই চটে গিয়েছে মায়ানমার। ওই সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় মায়ানমার সরকার ধরেই নিয়েছে বিগত দিনগুলিতে হওয়া হামলার পেছনে হাত রয়েছে ইউনূস সরকারের। এবার নাকি সে কারণেই বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিমান হামলার ছক কষছে মায়ানমার বাহিনী। এও জানা যাচ্ছে, মায়ানমার সরকারের তরফে পূর্ণ নির্দেশ পেলে বাংলাদেশে পুরোপুরি সামরিক অভিযান শুরু করে দিতে পারে মায়ানমার সেনা।